রোনালদো যাঁর কাছে জীবন-দেবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’ অর পুরস্কারও বন্ধু সেমেদোর সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন রোনালদো। সংগৃহীত ছবি
ব্যালন ডি’ অর পুরস্কারও বন্ধু সেমেদোর সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন রোনালদো। সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর যেমন ভক্তের অভাব নেই, ঠিক তেমনি সমালোচকেরও অভাব নেই। ‘রোনালদো স্বার্থপর’, ‘রোনালদো দাম্ভিক’, ‘রোনালদো নিজের জন্য খেলে’। কত গঞ্জনা। কিন্তু রোনালদোরও যে একটি নরম মন আছে, সেটি মাঝে মধ্যেই মনে করিয়ে দিতে হয় তাঁর নিন্দুকদের। কৈশোরেই ‘দাম্ভিক’ রোনালদো তাঁর একরোখা মনোভাব দিয়েই কিন্তু জীবন বাঁচিয়েছিলেন এক বন্ধুর। যে বন্ধু এতগুলো বছর পরে​ও রোনালদোর সবচেয়ে কাছের একজন হয়ে আছেন।
রোনালদোর ভক্তদের অনেকের কাছেই হোসে সেমেদো নামটি পরিচিত। এই মিডফিল্ডার খেলেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ওয়েনসডেতে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে অখ্যাত এক খেলোয়াড়ের এমন বন্ধুত্ব? এই ‘রহস্য’টি জানতে হলে পেছনে যেতে হবে।
এই দুই বন্ধুর দেখা মিলেছিল স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে। দুজনের বন্ধুত্বের শুরু এখানেই, যা টিকে রয়েছে দুই দশক পরেও। এর মাঝে রোনালদো লিসবনের একাডেমি পেরিয়ে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়ে রূপান্তরিত করেছেন, আর সেমেদো শুরুর প্রতিশ্রুতি ধরে রাখতে পারেননি বলেই খেলেন অখ্যাত ক্লাবে। সেমেদো কে দুর্ভাগা ভাবতেই পারেন। কিন্তু উল্টো নিজেকে সৌভাগ্যবান মনে করেন সেমেদো। তাঁর ধারণা, রোনালদোর কারণেই এখনো বেঁচে আছেন তিনি। রোনালদো তাঁর কাছে সাক্ষাৎ​ জীবন-দেবতা!
লিসবনের একাডেমিতেই বোঝা গিয়েছিল, বন্ধু রোনালদোর চেয়ে প্রতিভায় যোজন যোজন পিছিয়ে সেমেদো। লিসবন তাই এই মিডফিল্ডারকে আর দলে রাখতে চায়নি। কিন্তু তখনই বাদ সাধেন রোনালদো। বন্ধুকে একাডেমিতে রাখার জন্য এমনকি রুম ভাগাভাগি করে থাকার প্রস্তাবও দেন। টাইমসকে দেওয়া সাক্ষাৎ​কারে সে সময়ের ঘটনার স্মৃতিচারণ করে সেমেদো বলেছেন, ‘ওর রুমে আরেকটা বিছানা পাতানোর প্রস্তাব দেয়। সে বলেছিল, দরকার হলে কাপড় রাখার আলমারিটাও দুজন মিলে ব্যবহার করব। সে ক্লাবকে হুমকিও দিয়েছিল, যদি আমাকে ফেরত পাঠানো হয়, তাহলে সেও আর লিসবনে থাকবে না।’
রোনালদোকে কিছুতেই হাতছাড়া করতে চায়নি লিসবন। এ কারণে তাঁর জেদকে গুরুত্ব দিয়ে হবে না জেনেও সেমেদোকে বাতিল করে দেয়নি। যে বয়সটা বন্ধু পরীক্ষার খাতায় দুটো নম্বর পেলেও খুব ঈর্ষা হয়, সেই বয়সে সেমেদোকে নিজের আত্মার অংশ করে নিয়েছিলেন কিশোর রোনালদো।
রোনালদো পরে লিসবনের মূল দলে ডাক পেলেও সেই সুযোগ হয়নি তাঁর বন্ধুর। কিন্তু লিসবনের একাডেমিতে খেলতে পেরেছিলেন বলেই দ্বিতীয় সারির হলেও ফুটবলেই ক্যারিয়ার গড়তে পেরেছেন সেমেদো। জীবিকার জন্য আর দুশ্চিন্তা করতে হয়নি। এ জন্য বন্ধুর প্রতি এখনো কৃতজ্ঞ সেমেদো। সেদিন রোনালদো এভাবে রুখে না দাঁড়ালে হয়তো একদিন অপরাধের অন্ধকার জীবনে ত​লিয়ে যেতেন। সেমেদো বললেন, ‘আমি জীবনে যা পেয়েছি তার সবকিছুই ওর অবদান। আমি সেতুবল অঞ্চল থেকে উঠে এসেছি, জায়গাটি তরুণদের জন্য মোটেও ভালো নয়। আমার অনেক বন্ধুই অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের অনেকেই এখন মৃত কিংবা জেলে দিন পার করছে। আমাকে একাডেমি থেকে ফেরত পাঠানো হলে আমিও হয়তো অপরাধে নাম লেখাতাম, ওদের সঙ্গে গাড়ি চুরি করতে যেতাম। রোনালদো আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আমার পুরো জীবন, আমার ক্যারিয়ার, আমার বাচ্চাকাচ্চা—সবকিছুর জন্যই আমি ওর কাছে ঋণী।’

এখনো রোনালদো প্রায়ই কাছে ডেকে নেন বন্ধুকে। বিশেষ মুহূর্তগুলো শৈশবের বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে নিতে ভোলেন না। মানুষ অর্থবিত্তের সাগরে ডুবে গেলে​ নাকি স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। নিজের কষ্টের অতীতকে করতে চায় অস্বীকার। রক্তের সম্পর্ককেও কেউ কেউ অস্বীকার করে। কিন্তু রোনালদো খ্যাতি আর বিত্তের শীর্ষে গিয়েও এখনো সেদিনের রোনালদোই হয়ে আছেন, যে সেমেদোর জন্য এখনো তিনি তাঁর রুম ভাগাভাগি করতে রাজি। সূত্র: দ্য টাইমস