রোনালদো রোনালদোর সেরা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

রোনালদো বলছেন রোনালদো সেরা নন। একটু ধন্দে পড়ে গেলেন? ক্রিস্টিয়ানো রোনালদো তো বরাবরই বলে এসেছেন, নিজেকেই সেরা মনে করেন। কথাটা ক্রিস্টিয়ানোর নয়, ব্রাজিল কিংবদন্তি রোনালদোর। তবে কথাটা বলেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে নিয়েই। রোনালদো ও মেসিকে তুলনা করতে গিয়ে পরের জনকেই এগিয়ে রাখছেন দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
প্রতিবছর যেমন হয়, এবারও ব্যালন ডি’অরের আগে মেসি-রোনালদোর তুলনা যথারীতি শুরু হয়ে গেছে। এবার তাতে যোগ দিলেন ব্রাজিলের রোনালদোও। ব্যালন ডি’অর এবার মেসির হাতেই দেখছেন অনেকে। রোনালদোও ব্যতিক্রম নন, তবে আরেক ধাপ এগিয়ে মেসিকে বরমাল্যই দিচ্ছেন ব্রাজিল কিংবদন্তি, ‘আমি মেসিকেই বেছে নেব। মেসিকেই আমি বেশি পূর্ণাঙ্গ খেলোয়াড় মনে করি। সে যেভাবে খেলে, তার চেয়ে দৃষ্টিনন্দন কিছু আর হতে পারে না।’

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদো নিজে অবশ্য দুবার ব্যালন ডি’অর জিতেছেন। নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা স্ট্রাইকারদের ছোট্ট তালিকায়ও তাঁর নাম আসবে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো যেমন বলছেন, ‘রোনালদো আমার অধীনে খেলা সেরা খেলোয়াড়।’ ২০০৬ সালে রিয়ালে ক্যাপেলোর অধীনে খেলেছেন রোনালদো। তবে ইতালিয়ান কোচ রোনালদোর সমালোচনাও করেছেন, ‘ওই মৌসুম শুরুর আগে তার ওজন ছিল ৯৬ কেজি, আমি সেটা কমিয়ে ৮৮-৯০ কেজিতে আনতে বললাম। এর বেশি কিছু আমার করার ছিল না। ও গ্রেট খেলোয়াড়, কিন্তু দলের ওপর সে একটা বাজে প্রভাব ফেলে।’ ইএসপিএন।