রোনালদো 'পশু', রামোসের টুইট

কয়েক ম্যাচে গোলের দেখা না পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে ফিরলেন স্প্যানিশ লিগে, এক কথায় অবিশ্বাস্য! একটা-দুটো নয়; ৫ গোল দিয়ে খাতা খুললেন লিগে। এ যেন ঝিম ধরে দুপুরে বিরাট এক বিস্ফোরণ! তাতে কেঁপে উঠেছে চারধার। এসপানিওলের বিপক্ষে রোনালদোর এমন পারফরম্যান্সে মুগ্ধ সার্জিও রামোস ‘পশু’ বললেন সতীর্থকে!
রিয়ালের জার্সি গায়ে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৫ গোলও এই প্রথম। রিয়াল ফরোয়ার্ডের গোলের সংখ্যা ৫ না বলে ‘৬’ বললেও ভুল হবে না! ২৮ মিনিটে করিম বেনজেমার গোলটা এসেছিল পর্তুগিজ তারকার সহায়তায়। লিগে ও পর্তুগালের জার্সিতে এর আগের চার ম্যাচে গোল শূন্যতায় ভোগা রোনালদো এখন তৃপ্তির হাসি হাসতেই পারেন।
তবে যেভাবে সেদিন মুড়ি-মুড়কির মতো একেকটা গোল আদায় করছিলেন, বিস্ময়াভিভূত না হয়ে উপায় কী! রক্ত-মাংসের মানুষের পক্ষে এমন পারফরম্যান্স কীভাবে সম্ভব! রোনালদোর সতীর্থ রামোস তাই টুইট করেছেন, ‘পরিপূর্ণ পারফরম্যান্স: কোনো গোল না খাওয়া এবং ৩ পয়েন্ট। পাঁচ গোল করে দুর্দান্ত খেলেছে পশু ক্রিস্টিয়ানো।’
এমনিতে শুনতে কানে লাগলেও স্প্যানিশ সংস্কৃতিতে অদম্য লড়াকুদের বলে ‘বিস্ট’। ঝড়ের মতো একের পর এক রেকর্ড ভেঙেছেন। ১৬ মৌসুম রিয়ালের জার্সি গায়ে যে রেকর্ড গড়েছিলেন রাউল, আট মৌসুমেই সেটি ভেঙে দিলেন রোনালদো। লিগে রিয়ালের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। সূত্র: টুইটার।