রোনালদোকে ডাকছে রুপালি জগৎ

হলিউডের ব্লকবাস্টার এক চলচ্চিত্রের দৃশ্য, পর্দায় টান টান উত্তেজনা। পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে নায়কের ওপর। একের পর এক অসম্ভব সব কীর্তিতে সব সমস্যা তিনি দূর করলেন, আটকে রাখা নিশ্বাস ফেললেন হলভর্তি দর্শক। ঠিকমতো তাকাতেই দেখা গেল, পৃথিবীর মানুষকে আরেকবার বাঁচিয়ে দেওয়া এই নায়ক আর কেউ নন, ক্রিস্টিয়ানো রোনালদো!
না, এখনো হলিউডে নাম লেখাননি পর্তুগিজ ফরোয়ার্ড। তবে এমন দৃশ্য দেখার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়াই ভালো। রোনালদো নিজেই জানালেন, অবসরের পর রুপালি পর্দায় নাম লেখাবেন তিনি। খেলার মাঠের নায়ক হয়ে আছেন এক যুগ ধরে, ক্যারিয়ার শেষে রুপালি পর্দাতেও নিজেকে দেখতে চান নায়ক হিসেবে।
ফুটবল-দুনিয়ায় গ্ল্যামারে তিনি সবাইকে পেছনে ফেলেছেন। ক্যারিশমা ও গ্ল্যামার মিলিয়ে বিজ্ঞাপনে ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড সিআর-সেভেন। তাঁর নিজেরই একটি ব্র্যান্ড রয়েছে। সেই ব্র্যান্ডের নতুন একটি পণ্যের প্রচারের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিজ্ঞাপনে তো সরব উপস্থিতি তাঁর, চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে কি না? রোনালদো জবাবটা দিয়েছেন সোজাসাপটা, ‘কেন নয়? এ মুহূর্তে হয়তো সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে করতেই পারি। শুরুতেই হয়তো মূল চরিত্র করতে পারব না, কিন্তু ছোট ছোট চরিত্র করে আমি প্রথমে অভিনয় শিখব। এটা ফুটবল না তবু আমি নিশ্চিত, প্রশিক্ষণ নিয়ে সেখানেও শীর্ষে উঠতে পারব।’