রোনালদোকে নিয়ে জল্পনা

ক্রিস্টিয়ানো রোনালদোর মনে কী আছে, সেটা তিনিই জানেন। রিয়াল মাদ্রিদ আদৌ ছাড়বেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে গত কয়েক দিনে ব্রিটিশ সংবাদমাধ্যমে জোর গুজব, রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরাটা সমাসন্ন!
গুজবটা আসলে রটেছিল রোনালদোর একটা কথাকে ঘিরেই। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর হৃদয়ে—এ কথা আগেও বলেছেন। তবে কয়েক দিন আগে বলে বসলেন, ‘রিয়াল মাদ্রিদে আমি ভালোই আছি। আরও চার বছর বাকি আছে। কিন্তু ভবিষ্যতে কী হবে, সেটা আপনি এখনই বলতে পারেন না। কারণ, ওখানে (ওল্ড ট্রাফোর্ডে) অবিশ্বাস্য রকম ভালোবাসা পেয়েছি।’
কিন্তু হঠাৎ করেই এই কথা কেন? রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র্যামন ক্যালদেরন উত্তর খুঁজেছেন এই প্রশ্নের, ‘আমার মনে আছে, ২০০৯ সালে দলে আনার সময় ও বলেছিল, ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে কৃতজ্ঞ। ওখানে একটা অসাধারণ সময় কাটিয়েছে, ওখানকার সবকিছুই তার পছন্দ। আমার মনে হয় এখনকার সভাপতির (ফ্লোরেন্তিনো পেরেজ) নীতি ওর ঠিক পছন্দ হচ্ছে না।’ ক্যালদেরনের ব্যাখ্যা, ‘ও আসার সময় আরিয়েন রোবেন ছিল। ও ভেবেছিল রোবেন ওর ভালো একজন সতীর্থ হবে। হিগুয়েইনকে বিক্রি করা হলো। ওর সেটা পছন্দ হয়নি। গত বছর ওর মনে হয়েছে, ওজিলকে যেতে দেওয়াটাও ভুল হয়েছে। জাবি আলোনসো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে বিক্রি করে দেওয়াটা ছিল শেষ আঘাত।’
ইউনাইটেড রোনালদোকে ফিরিয়ে আনার মতো অঢেল অর্থ খরচ করতে পারবে কি না, সেই প্রশ্নটাও কিন্তু এখন আর আগের মতো উচ্চকিত নয়। ইউনাইটেডেরই সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল যেমন বলছেন, প্রচুর অর্থ খরচ করে ডি মারিয়া, ফ্যালকাওদের মতো খেলোয়াড়দের দলে এনেই ইউনাইটেড নিজেদের আর্থিক সক্ষমতাটা বুঝিয়ে দিয়েছে। গোলডটকম।