রোনালদোকে নিয়েই রিয়াল 'একই নৌকার অভিযাত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল। ছবি: এএফপি।
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল। ছবি: এএফপি।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার রিয়াল ফুটবলারদের মানসিক শক্তিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তবে দুই ম্যাচ পর লা লিগার পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল লেভান্তের বিপক্ষে ৩-১ গোলে জিতে দলের মানসিক প্রয়োগ ক্ষমতারই প্রশংসা মিলল কোচ জিনেদিন জিদানের কণ্ঠে।
কালই রিয়ালের জার্সি গায়ে প্রথম খেলতে নেমেছিলেন ১৮ বছর বয়সী বোরহা মেয়োরাল। তাঁর সঙ্গী হয়েছিলেন তরুণ লুকাস ভাজকুয়েজ আর ক্যাসেমিরো। রিয়ালের একাদশে যেন তারুণ্যের আবাহন। অবশ্য প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন সেই রোনালদোই। বাকি দুটি গোলের একটি ইস্কোর, অন্যটি আত্মঘাতী।
মাদ্রিদ ডার্বিতে নিজেদের মাঠে হেরে যাওয়ার পর এই জয় রিয়ালকে স্বস্তি দেবে। যদিও গতকালও ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের অনেকেরই শরীরী ভাষায় ক্লান্তির ছাপ ছিল। কোচ ​জিদানের সেটি চোখ এড়ায়নি, ‘দলের পাঁচ-ছয়জন খেলোয়াড়কে ম্যাচের শেষ দিকে প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছিল। এই ক্লান্তিটা খুব স্বাভাবিক। তবে খুশির ব্যাপার হচ্ছে খেলোয়াড়েরা ম্যাচে নিজেদের এই ক্লান্তিটা জয় করতে পেরেছে। পুরো দলের পারফরম্যান্সে আমি খুশি।’
ক্লান্তি বোধ হয় মানসিকও। দুটি শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে রিয়াল। শেষ ভরসা চ্যাম্পিয়নস লিগ। এরই মধ্যে দলের ঐকতানে যেন ছন্দপতন। গত ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদো তো সতীর্থদের নিয়ে যা বললেন, বিস্ময়কর। পেপে অবশ্য দাবি করলেন, ‘আজ দল দেখিয়েছে আমরা একতাবদ্ধ এবং আমরা একতাবদ্ধ হয়েই লড়তে জানি। ম্যাচটা খেলতে এসেছিলাম প্রচণ্ড চাপ নিয়েই। প্রতিটি ম্যাচেই আমাদের ঘাম ঝরিয়ে রিয়ালের জার্সিটাকে ভেজাতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা হারলে পৃথিবীর নানা প্রান্তে লাখো-কোটি মানুষ আক্রান্ত হয় চরম বেদনা বোধে।’

সার্জিও রামোসের জায়গায় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা কাল ছিল এই পর্তুগিজ ডিফেন্ডার বাহুতে। দায়িত্বটা কাঁধেই নিয়ে দলের জয়ে খুশি হলেও পেপে মনে করিয়ে দিয়েছেন, ‘কোচ জিনেদিন জিদান আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন। কিন্তু তাঁর অনুপ্রেরণার চেয়েও বেশি প্রয়োজন নিজেদের ভালো পারফরম্যান্স—যা সমর্থকেরা আমাদের কাছ থেকে চান।’
রোনালদোর হতাশামাখা মন্তব্যের প্রসঙ্গটিও উঠে এল। জাতীয় দলের সতীর্থকে আড়ালই করলেন পেপে, ‘কোচ আমাদের এসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তাঁকে বলেছি, দলে অনৈক্যের কোনো কারণই ঘটেনি। আমরা সবাই একতাবদ্ধই আছি। আমরা সবাই একই নৌকারই অভিযাত্রী।’ সূত্র: এএফপি।