রোনালদোকে পেলে-ম্যারাডোনার পাশে রাখছেন মরিনহো

২০০৭ সালের কথা। ক্রিস্টিয়ানো রোনালদো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে। হোসে মরিনহো চেলসির ডাগ আউটে। ইউনাইটেড রেফারির ‘বিশেষ সেবা’ পায়—এমন অভিযোগে দেশের খেলোয়াড়টির উদ্দেশে পর্তুগিজ এ কোচ তখন বলেছিলেন, ‘ইউনাইটেডের বিপক্ষে রেফারি পেনাল্টি দেয় না—এ ব্যাপারকে সে (রোনালদো) যদি মিথ্যা বলে, তাহলে সে মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী হলে সে কখনোই ফুটবলের সর্বোচ্চ স্তরে উঠতে পারবে না, যেটা সে আশা করে।’
সময় মানুষকে কতটা বদলে দেয়! রোনালদো পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার পর সেই মরিনহোই এখন বলছেন, ‘আমার সন্তানেরা কখনো পেলের খেলা দেখেনি, কিন্তু তারা জানে সে কে। একইভাবে আজ থেকে ৪০ বছর পর শিশুরা জানবে রোনালদো কে। ক্রিস্টিয়ানোসহ আমি যেসব খেলোয়াড়ের নাম বলেছি, তাঁরা সব সময়ই ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তাঁরা অনির্বচনীয়।’
‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মরিনহো। ইউনাইটেডের এ কোচ সেই সাক্ষাৎকারে কিংবদন্তি হিসেবে কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন—লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা, জর্জ বেস্ট ও পেলে! মরিনহোর মতে, রোনালদো তাঁদের সমমানের ফুটবলার। অর্থাৎ ‘বিউটিফুল গেম’—ফুটবল যেসব কিংবদন্তির জন্ম দিয়েছে, রোনালদো তাঁদের একজন।
যদিও পাঁচ নম্বর ব্যালন ডি’অর জিতে রোনালদো নিজেই নিজেকে কিংবদন্তিদের কিংবদন্তি হিসেবে ঘোষণা করেছেন, ‘খারাপ কিংবা ভালো, যেকোনো সময় বিচারেই আমি সর্বকালের সেরা ফুটবলার। সবার পছন্দের প্রতি সম্মান রেখেই বলছি, কোনো ফুটবলারকে আমার চেয়ে ভালো খেলতে দেখিনি। আমি যা করতে পারি, তা কেউই করতে পারে না। আমার চেয়ে সম্পূর্ণ কোনো ফুটবলার নেই।’
রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রোনালদোর কোচ ছিলেন মরিনহো। দুই পর্তুগিজের মধ্যে সম্পর্কটা যে খুব ভালো নয়, সেটা বহু আগে থেকেই চাউর করেছে ইউরোপের সংবাদমাধ্যম। মরিনহো অবশ্য এ নিয়ে সরাসরি কিছু বলেননি, ‘শুধু একটা কথাই বলতে পারি, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। তার ভাবনাও হয়তো একই রকম।’ তবে মরিনহো সোজাসাপ্টা বলেছেন, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক বাবা-সন্তান কিংবা বড় ভাই-ছোট ভাইতুল্য নয়, ‘কোচ এবং খেলোয়াড়ের মধ্যে যে ভালো সম্পর্ক থাকে, ঠিক সেটাই। সে আমার অধীনে উন্নতি করেছে, আমিও তাঁর কারণে উন্নতি করেছি।’ সূত্র: এএএস