রোনালদোদের 'কুমিরের' হুমকি
ক্রিস্টিয়ানো রোনালদো শুনলে হয়তো মুচকি হাসবেন। এমন হুমকি তাঁকে বা তাঁর দল রিয়াল মাদ্রিদকে অনেক দিন কেউ দেয়নি। অবশ্য রোনালদোর কাছে এটা আদৌ হুমকি মনে হচ্ছে কি না, সেই প্রশ্নও করা যেতে পারে। কাশিমা অ্যান্টলার্সের ডিফেন্ডার নাওমিচি উয়েদা যে কুমির হয়ে রিয়াল মাদ্রিদকে খেয়ে ফেলতে চেয়েছেন, সেটাকে হুমকির চেয়ে বেশি রসিকতাই মনে হচ্ছে।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে শেষ মুহূর্তে গোল করেছেন রোনালদো। যে গোলে পর্তুগিজ উইঙ্গার ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলকও। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে রিয়াল ক্লাব রেকর্ডটাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। এখন ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি। আর উড়তে থাকা এই রিয়ালকে নাকি টেনেহিঁচড়ে মাটিতে নামাবেন ফাইনালের প্রতিপক্ষ কাশিমা অ্যান্টলার্সের ডিফেন্ডার উয়েদা! দারুণ ফর্মে থাকা এই কাশিমা ডিফেন্ডার বলেছেন, ‘আমি এক কুমির। কুমির যেমন তার শিকারকে টেনেহিঁচড়ে জলে নামিয়ে আনে, আমিও রিয়ালকে সেভাবে নামিয়ে আনব। সেটা বাতাসের লড়াইয়েই হোক বা মাটিতে কিংবা মুখোমুখি বল দখলের জন্য।’
শুধু উয়েদাই নন, রিয়ালকে হুমকি দিয়েছেন সেমিফাইনালে গোল করা কাশিমা স্ট্রাইকার ইয়োমা সুজুকি, ‘আমি যদি আবার গোল করতে না পারি, কেউ আমাকে মনে রাখবে না। এটা আমার স্বপ্ন, আমি রোনালদোর সামনেই আবার গোল করতে চাই।’
এসব কথা শুনে রোনালদো কী ভাবছেন, জানা যায়নি। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান কিন্তু একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ইয়োকোহামা স্টেডিয়ামে ফাইনালের প্রতিপক্ষকে, ‘এটা তো অনেকটা ওদের নিজের মাঠের মতোই। ওদের হারানো মোটেই সহজ হবে না।’ এএফপি।