ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ানো রোনালদো! খেলছেন করিন্থিয়ানস কিংবা ফ্ল্যামেঙ্গোর হয়ে!! ভাবছেন, এটি কোনো ব্রাজিলিয়ান ফুটবল-সমর্থকের স্বপ্ন? তা হতে পারে। কিন্তু সত্যিই একদিন ব্রাজিলে খেলার ইচ্ছে আছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকারের। সম্প্রতি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ট্যাগ হিউয়ারের এক অনুষ্ঠানে কথা প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, ‘করিন্থিয়ানস এবং ফ্ল্যামেঙ্গো বিখ্যাত দুটি ক্লাব। যেকোনো একটি জার্সি গায়ে চড়াতে পারলে খুশি হব আমি।’ ব্রাজিলে তাঁর অনেক পরিচিত মানুষজন। ব্রাজিলে খেলার ইচ্ছেটা জেগেছে সেই কারণেও, ‘ব্রাজিলে আমার অনেক বন্ধু। দেশটির সঙ্গে আমার সম্পর্কটাও ভালো। রিয়ালে অনেক ব্রাজিলিয়ানকেই পেয়েছি আমি। এদের মধ্যে কাকা অন্যতম, যার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।’ তাহলে কি ধরে নেওয়া যায় রিয়ালই শেষ ঠিকানা নয় রোনালদোর? ইয়াহু নিউজ।