রোনালদোর এ কেমন অভিব্যক্তি!

ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারাটা আসলেই আয়নার মতো। তাঁর মুখেই প্রতিফলিত হয় ভেতরের গল্পটা। এই যেমন সেদিন, উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা লিওনেল মেসির হাতে উঠতে দেখে মুখটাকে বানিয়ে ফেললেন নিকষ অন্ধকার। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে প্রতিযোগিতায় হেরে গেলে যে কারোরই মন খারাপ হতে পারে। কিন্তু সেদিন মেসিকে পুরস্কার পেতে দেখে রোনালদোর কালো মুখ তো তাঁর খেলোয়াড়ি মনোভাবকেই প্রশ্নের মধ্যে ফেলে দেয়! একজন পেশাদার ফুটবলার হয়েও আবেগ চেপে রাখার ক্ষেত্রে তাঁর এই ব্যর্থতা সামাজিক যোগাযোগের মাধ্যমেও তুলে ফেলেছে ঝড়। রোনালদোর এই ‘শিশুতোষ’ আচরণ কৌতুকেরও জন্ম দিয়েছে ব্যাপকভাবেই।
গত বৃহস্পতিবার উয়েফা বর্ষসেরা নির্বাচিত হয়েছেন মেসি। ভোটাভুটিতে লুইস সুয়ারেজ আর রোনালদোকে তিনি পেছনে ফেলেছেন বিপুল ব্যবধানেই। ৫৪ ভোটের মধ্যে ৪৯টিই পড়েছে মেসির বাক্সে। রোনালদো কয় ভোট পেয়েছেন জানেন? মাত্র দুই ভোট। ভোট প্রাপ্তিতে এই ‘যাচ্ছেতাই’ অবস্থাই খুব সম্ভবত পুরস্কার বিতরণীর সময় পর্তুগিজ তারকার মন খারাপ করে দিয়েছিল। বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণার সময় অনেক কষ্টে তালি টুকু দিয়েছিলেন। কিন্তু এরপরই মুখ বাঁকিয়ে ফেলেন তিনি। এই আচরণ চোখে লেগেছে অনেকেরই।
ফেসবুকম টুইটারে অনেকেই এই ঘটনার পর রোনালদোকে মনে করিয়ে দিচ্ছেন গত বছরের ছবিটি। আগের বার পুরস্কারটি উঠেছিল রোনালদোর হাতেই। মেসি উঠতে পারেননি ফাইনালেই। মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিয়েন রোবেন আর ম্যানুয়েল নয়্যার। রোনালদোর নাম বিজয়ী হিসেবে ঘোষণার পর এই দুইয়ের উচ্ছ্বাস প্রকাশের ছবিটি এখনো অনেকের মনে গেঁথে আছে খেলোয়াড়ি মনোভাব প্রকাশের সুন্দর নিদর্শন হিসেবে। মাত্র এক বছরের মাথায় নিজেকে তাঁদের জায়গায় দেখতে পেলেন রোনালদো। অথচ প্রতিক্রিয়া প্রকাশে এত ভিন্নতা! নয়্যার ও রোবেনের উচ্ছ্বাসের সেই দৃশ্য এত দ্রুতই ভুলে গেলেন সি আর-সেভেন!