রোনালদোর একারই পাঁচ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাই পাঁচ গোল করে সব সমালোচনার জবাব দিলেন রোনালদো। ছবি: রয়টার্স
একাই পাঁচ গোল করে সব সমালোচনার জবাব দিলেন রোনালদো। ছবি: রয়টার্স

চলতি মৌসুমে স্প্যানিশ লিগে প্রথম দুই ম্যাচে গোল পাননি। গোলের দেখা নেই পর্তুগালের জার্সিতেও। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাচ্ছেন না কেন? রিয়াল তারকার হলোটা কী? কটা দিন এমন নানা প্রশ্নে সিআর সেভেনের কান ঝালাপালা হওয়ার জোগাড়। সব জ্বালা জুড়োলোন আজ। লা লিগায় আজ এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেয়েছে ৬-০ ব্যবধানে বিরাট জয়। রোনালদো একাই করেছেন পাঁচ গোল!

এসপানিওলের ‘দুর্ভাগ্য’, রিয়াল ফরোয়ার্ড সব সমালোচনার জবাব দিতে বেছে নিলেন আজকের ম্যাচটিই। সাত মিনিটে রোনালদো-শো শুরু। ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক! এ যেন সরাসরি সম্প্রচারিত ম্যাচ নয়, ‘হাইলাইটস’! কেবল নিজে গোল করলেন না, করালেনও। ২৮ মিনিটে রোনালদোর বাড়িয়ে দেওয়া বলে গোল করলেন করিম বেনজেমা। প্রথমার্ধ শেষ হলো ৪-০ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধেও সেই রোনালদো ঝলক। ৬১ মিনিটে গ্যারেথ বেল আর ৮১ মিনিটে লুকাস ভাসকুয়েজের সহায়তায় গোল হলো আরও দুটি। ‘ডাবল হ্যাটট্রিক’ হয়েই যেত, যদি ৮৪ মিনিটে শটটা লক্ষ্যভ্রষ্ট না হতো। তবে গড়লেন নতুন আরেক রেকর্ড। রাউলকে ছাড়িয়ে রোনালদোই এখন লিগে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ২৩১।
পুরো ম্যাচজুড়েই রিয়ালের আক্রমণ সামলাতে গলদঘর্ম অবস্থা এসপানিওলের। তবে একটা ভালো চেষ্টা ছিল ৭৩ মিনিটে। কেইলর নাভাসের দারুণ সেভে সেটাও প্রতিহত হয়ে যায়। প্রথমার্ধে যেভাবে গোলের বন্যা বইয়ে দিয়েছিল রিয়াল, সে তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছে স্বাগতিক এসপানিওল। তারপরও যা হয়েছে তাতেই তৃপ্তি ঢেকুর তুলতে পারে রাফায়েল বেনিতেজের দল!
তবে সবচেয়ে বড় তৃপ্তি রোনালদোর। গত এপ্রিলে লিগে গ্রানাডার বিপক্ষে করেছিলেন ৫ গোল। কয়েক মাসের ব্যবধানে আবারও পাঁচ গোল। তার চেয়ে বড় কথা, লিগে গোলের খাতা খুললেন একটি-দুটো নয়, পাচঁ-পাঁচটি দিয়ে! জ্বলে ওঠা বুঝি একেই বলে।