রোনালদোর কান্না, রোনালদোর হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হয়ে প্রথমবারের মতো কোনো শিরোপা। ইউরোর ট্রফি হাতে তাই ক্রিস্টিয়ানো রোনালদোর হাসিটাও চওড়া। পরশু সেন্ট ডেনিসে l ছবি: এএফপি
দেশের হয়ে প্রথমবারের মতো কোনো শিরোপা। ইউরোর ট্রফি হাতে তাই ক্রিস্টিয়ানো রোনালদোর হাসিটাও চওড়া। পরশু সেন্ট ডেনিসে l ছবি: এএফপি

দিগন্তবিস্তৃত খাঁ খাঁ মরুর কোথাও লুকিয়ে থাকে সবুজ উদ্যান। দুঃস্বপ্নের মধ্যেও সত্যি হয়ে উঠতে পারে মধুরতম স্বপ্ন। করুণ কান্না থেকে কখনো কখনো ঘটে আনন্দের তীব্রতম বিস্ফোরণ। গত পরশু রোববার প্যারিসের স্তাদ দো ফ্রান্সে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে এসব কীভাবেই না জীবন্ত সত্যি হয়ে উঠল!

৮ মিনিটে একটি বলের দখল নিতে গিয়ে ফ্রান্সের দিমিত্রি পায়েতের সঙ্গে সংঘর্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে বসে পড়লেন। পর্তুগিজ যুবরাজের যন্ত্রণার তীব্র ঢেউয়েই তখন দুলে উঠল পর্তুগালের শিরোপাস্বপ্ন। দ্রুতই ছুটে এল দলের ‘মেডিকেল টিম’। সামান্য চিকিৎসা নিয়ে উঠে দাঁড়ালেন রোনালদো। তাঁকে যে খেলতেই হবে!

কিন্তু পারছিলেন না কিছুতেই! মাঠের বাইরে গিয়ে হাঁটুতে বন্ধনী জড়িয়ে ফিরলেন আবার। তাতেও লাভ হলো না। চোখে কান্না নিয়ে একসময় অধিনায়কের হাতের বন্ধনী ছুড়ে ফেলে দিলেন মাটিতে। সব শেষ। সব শেষ! ম্যাচের ২৪ মিনিটে স্ট্রেচারে শুয়ে যখন মাঠ ছাড়ছেন, চারদিকে করতালির বৃষ্টি। ট্র্যাজেডির এক মহানায়ককে এভাবেই তো বিদায় সম্ভাষণ জানাতে হয়! কিন্তু মহানায়ক তখন দুহাতে চোখ ঢেকে রেখেছেন। যে মঞ্চ তাঁকে কিছু দেবে বলে সব আয়োজন সাজিয়ে রেখেছে, সেদিকে আর চোখ মেলে তাকাতে চান না। ‘আমি জানি ফ্রান্স ফেবারিট, কিন্তু শিরোপা জিতব আমরাই’—দুই দিন আগে নিজের মুখের এই কথাটা তখন নির্মম পরিহাস মনে হচ্ছে রোনালদোর কাছে।

কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে চারবার লিগ, তিনবার চ্যাম্পিয়নস লিগ, দুবার ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী, তিনবারের ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী জানতেন না, ইউরো ফুটবলের মহাকাব্য তাঁর জন্য শেষটায় রেখে দিয়েছে মধুরতম মুহূর্ত। যে মুহূর্তে রুপালি রঙের মহার্ঘ একটি ট্রফি উঠবে তাঁর হাতে। পেন্ডুলামের মতো দুলতে দুলতে ম্যাচটি ১০৯ মিনিটে উঠবে তাদের হাতের মুঠোয়। আর সেটি এনে দেবেন এডার নামের ঝুঁটিবাঁধা চুলের এক দীর্ঘদেহী যুবক। ফ্রান্সের গোলবারের নিচে অদম্য হুগো লরিসকে অন্তহীন হতাশায় ডুবিয়ে।

আবার এমনও হতে পারে, রোনালদো জানতেন তাঁর শূন্যতাকেই শক্তি মেনে অদম্য প্রতিরোধে ঘুরে দাঁড়াবে সতীর্থরা। জানতেন, এই স্তাদ দো ফ্রান্স পতুর্গিজভাষী একটি দল ও রোনালদো নামেরই এক মহানায়কের সঙ্গে যে নিষ্ঠুর বিদ্রূপ করেছিল ১৯৯৮ বিশ্বকাপে, এবার তা করতে পারবে না তাঁদের সঙ্গে। আসলে করতে দেবে না তাঁর সতীর্থরা—পেপে, নানি, জোয়াও মারিও, কারেসমা, প্যাত্রিসিও এবং বদলি নামা অখ্যাত ওই এডারও। ১৮ বছর আগের ব্রাজিলের মতো ফ্রান্সের কাছে নুয়ে পড়বে না রোনালদোবিহীন এই পর্তুগাল। তিনি তাই চোটে কাতর পা নিয়ে ডাগ-আউটে গিয়ে দাঁড়ালেন অন্য ভূমিকায়। সেখানেও তিনি নেতা এবং তার চেয়েও যেন বেশি কোচ ফার্নান্দো সান্তোসের সহকারী। চিৎকার করে নির্দেশ দিচ্ছেন সহ-খেলোয়াড়দের। বিপজ্জনকভাবে ঢুকে পড়া প্রতিপক্ষকে দেখে সাবধান করে দিচ্ছেন রক্ষণের পেপে কোম্পানিকে। মাঝমাঠে মারিওদের আঙুল তুলে দেখাচ্ছেন, কোন জায়গাটায় দাঁড়াতে হবে। আর গোলশূন্য ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়াল, এডারের গলা জড়িয়ে ধরে বলে দিলেন, ‘তুই পারবি। জানি, তোর গোলেই আমরা জিতব ইউরো চ্যাম্পিয়নশিপ।’ দেশের সবচেয়ে বড় তারকা, যাঁর পাশে খেলতে পারাটাই জীবন ধন্য করে দেয়, তাঁর জপে দেওয়া এই মন্ত্র হৃদয়ে না লিখে পারেন এডার! এডারের পায়েই জন্ম হলো ওই সোনায় মোড়ানো গোলটি!

যে গোল পর্তুগালকে বানাল ফুটবলের ইউরোপ-সেরা। দীর্ঘ হাহাকার মুছে পর্তুগালকে দিল ইউরোপীয় ফুটবলের আভিজাত্য। আর এই গোলই রোনালদোকে জায়গা করে দিল ফুটবলের সর্বকালের সেরাদের পাশে। দেশের প্রথম বড় শিরোপাটি তো রোনালদোর নামেই কেনা। সারাটা জীবন লিওনেল মেসি নামটিকে ছায়ার মতো সঙ্গী করে চলা রোনালদোর যেন সূর্যস্নানও হলো ইউরো ২০১৬-তে। মেসিকে পেছনে ফেলে শাপমুক্তিও কি ঘটল না? রোনালদো এখন শুধুই ক্লাব ফুটবলের সম্রাট নন, দেশের হয়েও এক বিজয়ীর নাম।

কাল বিকেলে বিশেষ বিমানে ট্রফিটিকে নিয়ে রোনালদোদের সরাসরি যেতে হয়েছে লিসবনের বেলেম প্রাসাদে। সেখানে বিজয়ী বীরদের বরণের অপেক্ষায় ছিলেন পর্তুগাল প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। সেটাই হওয়া উচিত। একটা সময় পর্তুগিজ অভিযাত্রীরা সমুদ্রে জাহাজ ভাসিয়ে দেশ জয় করতেন। ব্রাজিল নামের এক দেশে পর্তুগিজ বসতি হয়েছিল পেদ্রো আলভারেজ কাবরালের হাত ধরে। ভারতীয় উপমহাদেশে এসে পড়েছিলেন ভাস্কো দা গামা। সেই পর্তুগালের বর্তমান গৌরব বলতে তেমন কিছুই ছিল না। ফুটবল দিয়ে আবার সেটি ফিরিয়ে আনল রোনালদোর দল। হ্যাঁ, রোনালদোর দলই। ফাইনালে ৩১ বছর বয়সী ফুটবলার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাত্র ২২ মিনিট খেলতে পারলেও এটি রোনালদোরই দল। তাঁর আকাঙ্ক্ষা থেকেই এই সাফল্যের ফুল।

ভাগ্য সঙ্গে ছিল। তা না হলে এই ম্যাচটি নির্ধারিত সময়েই জিতে নিয়ে ফ্রান্স ডুবে যেত নীল সমুদ্রে। ফ্রান্স শেষ পর্যন্ত দেখল সবুজ-মেরুন ঢেউ। তবে এটাও ঠিক, ভাগ্য সাহসীদের দিকে উল্টোভাবেও ঘুরে দাঁড়ায়।

কাল সন্ধ্যায় এই লেখা যখন লিখছি, পর্তুগালের প্রেসিডেন্টের প্রাসাদে রোনালদোদের ওপর ঝরছে সবুজ-মেরুন ঝরনাধারা। সঙ্গে ঝরবে পুষ্পবৃষ্টি। আগামী চার বছর ইউরোপের ফুটবলের রংটাই হবে সবুজ-মেরুন ফুলের। সেই ফুলের রাজ্যে সবচেয়ে সুরভিত ফুলটির নাম রোনালদো!