রোনালদোর চ্যালেঞ্জটা অনেক বড়

ঠিক মহারণ বলা যাবে না। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচটা তো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের, দুই দলের মরা-বাঁচাও সেটির ওপর নির্ভর করছে না। তবে ডর্টমুন্ডের মাঠে অতীত ইতিহাস আর ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক ‘সংকট’ মিলে ম্যাচটা অন্য একটা মাত্রা পেয়ে যাচ্ছে।
অনেক কারণেই রোনালদোর কাছে এ ম্যাচটার অন্য মাহাত্ম্য। এই সপ্তাহেই লাস পালমাসের সঙ্গে ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদান তাঁকে উঠিয়ে নিয়েছিলেন মাঠ থেকে। নিজের অসন্তোষ মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রকাশ্যেই প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হওয়ায় সেটি কমারও কোনো কারণ ঘটেনি। এরপর জিদান আবার বার্তা দিয়েছেন, সামনেও রোনালদোকে এ রকম কিছুর জন্য তৈরি থাকতে হতে পারে।
আজকের ম্যাচ রোনালদোর ‘জবাব’ দেওয়ার একটা সুযোগ তো বটেই, একটা অর্জনেরও। ইউরোপিয়ান মঞ্চে রোনালদোর ৯৭টি গোল হয়ে গেছে, আর তিনটি হলেই প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোলের সেঞ্চুরি হয়ে যাবে। কিন্তু ডর্টমুন্ডের মাঠে রিয়ালের রেকর্ড বলছে, সেটি বোধ হয় আজ হওয়ার নয়।
চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড কয়েক মৌসুম ধরেই রিয়ালের চেনা প্রতিপক্ষ। কিন্তু ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে গত তিনবারের স্মৃতি তারা ভুলেই যেতে চাইবে। এই মাঠে যে সর্বশেষ তিনটি ম্যাচেই হারতে হয়েছে! শুরুটা সেই ২০১২ সালে, গ্রুপ পর্বে ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হার। ২০১৩ সালের সেমিফাইনালের স্মৃতিটাই সবচেয়ে বিভীষিকাময়, সেবার রবার্ট লেভানডফস্কি রিয়ালকে লন্ডভন্ড করে একাই দিয়েছিলেন ৪ গোল। ডর্টমুন্ডের কাছে হেরেই সেবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল। পরের বছর কোয়ার্টার ফাইনালে আবার দেখা ডর্টমুন্ডের সঙ্গে, সেবারও জার্মানি থেকে ২-০ গোলে হেরে ফিরতে হয় রিয়ালকে। তবে নিজেদের মাঠে তার আগেই ৩-০ গোলে জেতায় শেষ হাসি রিয়ালই হেসেছিল।
ডর্টমুন্ডের ফর্ম এবারও আগের ইতিহাসের পুনরাবৃত্তির হুমকি দিচ্ছে রিয়ালকে। দুই সপ্তাহ আগে লাইপজিগের কাছে হারার পর ডর্টমুন্ড পরের চার ম্যাচে দিয়েছে ২০ গোল। বুন্দেসলিগায় এখন শুধু বায়ার্নই তাদের ওপরে। এই সপ্তাহে ভলফ্সবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পিয়েরে-এমেরিক অবামেয়াং তো বলেই দিয়েছেন, ‘এ মুহূর্তে কেউই আমাদের থামাতে পারবে না। একমাত্র বায়ার্ন পারলেও পারতে পারে।’ রিয়ালের প্রস্তুতিটা সেই তুলনায় একদমই ভালো হয়নি, লিগে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ছোঁয়ার পর ড্র করেছে টানা দুই ম্যাচে। রোনালদোও লিগে নিজের সর্বশেষ দুই ম্যাচে গোল পাননি।
ফর্ম আর ইতিহাস—কোনোটাই রোনালদোকে আশা দেখাচ্ছে না! তবে এসব উড়িয়ে দেওয়ার কাজটা অতীতে অনেকবারই করেছেন সিআর-সেভেন। করতে পারেন আজও। এএফপি।
আজ মুখোমুখি
মোনাকো : লেভারকুসেন
সিএসকেএ মস্কো : টটেনহাম
ডর্টমুন্ড : রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং লিসবন : লেগিয়া
কোপেনহেগেন : ক্লাব ব্রুগা
লেস্টার সিটি : পোর্তো
সেভিয়া : লিঁও
ডায়নামো জাগরেব : জুভেন্টাস
* স্বাগতিক দল আগে