রোনালদোর ছুড়ে ফেলা মাইক্রোফোনের দাম কত?

আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ম্যাচটি ড্র হয়েছে। মেজাজটা এমনিতেই খিচড়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এর মধ্যে আবার বেরসিক টিভি সাংবাদিক মাইক্রোফোন এগিয়ে দিয়েছেন কথা বলার জন্য। পর্তুগিজ ফরোয়ার্ড ডিভাইসটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন পাশের লেকের পানিতে। কদিনের ব্যবধানে সেই মাইক্রোফোনটা কি না হয়ে উঠল মহামূল্যবান!
ঘটনা ঘটে ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচের পর এবং হাঙ্গেরি ম্যাচের আগে। পর পর দুই ড্রয়ে মাঠ ও মাঠের বাইরে বেশ চাপ বাড়ছিল রোনালদোর ওপর। এ সময় পর্তুগিজ সাংবাদিক নাকি রোনালদোর কাছে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিলেন। তাতেই রোনালদো খেপে আগুন হয়ে ছুড়ে ফেলেন মাইক্রোফোনটা। পরে অবশ্য ডুবুরি দিয়ে লেক থেকে খুঁজে বের করা হয়েছে যন্ত্রটি। এখন সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ চ্যানেল সিএমটিভি।
টেলিভিশন চ্যানেলটি এরই মধ্যে একটি নম্বর দিয়ে ফোন কলের আহ্বান জানিয়েছে দর্শকদের। প্রতিটি কলে কাটা হবে ৬০ ইউরো সেন্ট। যিনি সবচেয়ে বেশিবার কল করবেন তাঁকে সর্বোচ্চ দাতা হিসেবে বিবেচনা করা হবে। বিনিময়ে তাঁর হাতে তুলে দেওয়া হবে মাইক্রোফোনটি।
নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে একটি জনহিতকর কাজে। রোনালদোর জন্মস্থান মাদেইরাতে স্থাপিত একটি প্রতিবন্ধী শিশু সহায়তা কেন্দ্রে দান করা হবে পুরো টাকাটা। সূত্র: মার্কা।