রোনালদোর দল

শিরোনামটা পড়ে রিয়াল মাদ্রিদের কথা ভাববেন না। এই রোনালদো ক্রিস্টিয়ানো নন, ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। তাঁর আবার দল হয় কী করে? না, তিনি খেলছেন না কোনো দলে, তবে আমেরিকার দ্বিতীয় স্তরের লিগের ফোর্ট লডার্ডেল স্ট্রাইকার্সকে এখন তাঁর দলও বলতে পারেন। কারণ দলটির মালিকানার একাংশ কিনে নিয়েছেন ব্রাজিলের ফুটবল গ্রেট। ইউরোপীয় বিভিন্ন পেশাদার লিগের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকে আমেরিকার ফুটবল। তার পরও সেখানে বিনিয়োগের কারণ একটাই—ফুটবলের জনপ্রিয়তা সেখানে ক্রমবর্ধমান। ‘এই অঞ্চলে পেশাদার ফুটবলের উত্তরণে উত্তর আমেরিকার ফুটবল লিগই একদিন বড় ভূমিকা রাখবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি আপনাকে’—নিজের বিনিয়োগ নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো। স্ট্রাইকার্সকে নিয়ে গর্বও করতে পারেন রোনালদো। একসময় এই দলটিতেই খেলতেন জর্জ বেস্ট, গর্ডন ব্যাংকস, জার্ড মুলারের মতো ফুটবলাররা! আইএএনএস।