রোনালদোর নিষ্ফলা রাতে রুনি

ইউরোপিয়ান ফুটবলে পরশুর রাতটা ছিল ঘটনাবহুল। রোনালদো ও রিয়াল মাদ্রিদের রাতটা গেছে নিষ্ফলা, হোঁচট খেয়েছে ইংল্যান্ড-ইতালির দুই চ্যাম্পিয়ন চেলসি-জুভেন্টাস। আবার জাদু দেখিয়েছেন লেভানডফস্কি, রুনি পেয়েছেন লিগে নিজের প্রথম গোল—

রিয়ালের হোঁচট
৫০০তম গোলের জন্য অপেক্ষাটা আরও বাড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর। পরশু বার্নাব্যুতে তাঁর গোল না পাওয়াটা একটা অবিশ্বাস্য ব্যাপার। মালাগার বিপক্ষে পুরো ম্যাচে একাই ১৪টি শট নিয়েছেন, এর দুটি ছিল পোস্টে। একদম কাছ থেকে কয়েকবার যেভাবে সুযোগ নষ্ট করেছেন, রোনালদো নিজেই সেটি বিশ্বাস করতে চাইবেন না। রিয়াল মাদ্রিদও আক্রমণের পর আক্রমণ করে গেছে, সবসুদ্ধ ৩১টি শট নিয়েও গোল পায়নি। গোলশূন্য ড্র হওয়ার কৃতিত্ব পাবেন মালাগা গোলরক্ষক কার্লোস কামেনিও, অন্তত কয়েকবার নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন ১০ জনের দলকে। রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ প্রতিপক্ষ গোলরক্ষকের প্রশংসা করলেও দায় দেখছেন নিজেদেরই, ‘যখন প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাচসেরা হয়, বুঝে নিতে হবে আপনি আক্রমণ ঠিকই করেছেন। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’ রিয়ালের হোঁচটে সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছে ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে উঠে গেছে লা লিগার শীর্ষে।

অতঃপর ইউনাইটেড
স্যার অ্যালেক্স ফার্গুসনের সর্বশেষ শিরোপা জয়ের পর দুই মৌসুম পেরিয়ে গেছে। কিন্তু ইংলিশ লিগের শীর্ষে আর ওঠা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। অবশেষে পরশু সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আবার সেখানে উঠতে পারল ইউনাইটেড। সুযোগটা অবশ্য এসেছিল নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সৌজন্যে। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা সিটি পরশুও হেরে গেছে, এবার টটেনহামের কাছে ৪-১ গোলে। দুর্দশা কাটছে না চেলসিরও, নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে তারা ২-২ গোলে। ইউনাইটেডের শীর্ষে ওঠাটাকে কোচ লুই ফন গাল খুব একটা বড় করে দেখছেন না, ‘মে মাস এলেই আমাকে প্রশ্ন করবেন। এই লিগে ধারাবাহিকতা ধরে রাখা খুব কঠিন।’ ফন গালের জন্য স্বস্তি হয়ে এসেছে ওয়েইন রুনির গোল পাওয়াটাও। লিগে ১১ ম্যাচ পর পরশু গোল পেয়েছেন রুনি।

আবার লেভানডফস্কি
নয় মিনিটে ৫ গোল করেছেন কদিন আগেই। সেই স্মৃতি সজীব থাকতে থাকতেই আবার রবার্ট লেভানডফস্কির জাদু। এবার অবশ্য বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২ গোল করেছেন মেইঞ্জের বিপক্ষে। বায়ার্নের ৩-০ গোলের জয়ে অন্যটি করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কিংসলে কোম্যান। তবে জোড়া গোলেই দারুণ একটা কীর্তি করে ফেলেছেন লেভানডফস্কি। বুন্দেসলিগায় ১৬৮ ম্যাচে শততম গোল পেয়ে গেলেন পোলিশ স্ট্রাইকার, আর কোনো বিদেশি খেলোয়াড় এত দ্রুত এই মাইলফলক ছুঁতে পারেননি। আর এই মৌসুমে সাত ম্যাচেই ১০ গোল হয়ে গেল। এই কীর্তিটা এর আগে শুধু ছিল বায়ার্ন ও জার্মান কিংবদন্তি জার্ড মুলারের।

আবারও হার জুভদের
প্রিমিয়ার লিগে চেলসি যেমন, সিরি ‘আ’তে জুভেন্টাসও তেমন খাবি খাচ্ছে। গত চারবারের চ্যাম্পিয়নরা পরশু মৌসুমের ছয় ম্যাচে তৃতীয়বারের মতো হেরে গেছে। নাপোলির কাছে ২-১ গোলে হারের পর ৫ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন লিগের ১৪ নম্বরে। লরেঞ্জো ইনসিনিয়ে ও গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে গিয়েছিল নাপোলি। জুভেন্টাসের হয়ে মারিও লেমিনা ব্যবধান কমালেও লাভ হয়নি। ম্যাচের পর জুভ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বললেন, ‘আমরা কঠিন একটা সময় পার করছি। তবে মৌসুমের আরও অনেক বাকি, সামনেই একটা আন্তর্জাতিক বিরতিও আছে।’ এএফপি।