রোনালদোর পর মালদিনি

খেলা ছাড়ার পর ফুটবলে নতুন ভূমিকায় আসার প্রস্তাব পেয়েছিলেন পাওলো মালদিনি। চেলসির কোচ থাকার সময় কোচ কার্লো আনচেলত্তি তাঁর সহকারী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এসি মিলান কিংবদন্তিকে। ‘না’ করে দিয়ে তখন ফুটবলে না ফিরলেও এবার অন্যভাবে ফিরতে যাচ্ছেন ইতালির সাবেক ডিফেন্ডার। কয়েকজন অংশীদার নিয়ে গড়তে যাচ্ছেন নর্থ আমেরিকান সকার লিগের (এনএএসএল) নতুন দল—মায়ামি এফসি।
ইউরোপের মতো জনপ্রিয় নয় আমেরিকার পেশাদার ফুটবল লিগ—মেজর লিগ সকার (এমএলএস)। তাই বলে এমএলএস অতটা অপরিচিত নয়, যতটা এনএএসএল নামটি। এই নামটিকে যৎকিঞ্চিৎ পরিচিত করে তুলতে বড় রোনালদোর বড় অবদান। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি আমেরিকার দ্বিতীয় সারির এই ফুটবল লিগের দল ফোর্ট লুন্ডারডেল স্ট্রাইকার্সের আংশিক মালিকানা কিনে নিয়েছেন। আমেরিকাকে ফুটবলের নতুন উর্বরভূমি মনে করেই ‘অখ্যাত’ এই লিগে বিনিয়োগ করেছেন বলে জানিয়েছিলেন রোনালদো। একই বিশ্বাস মালদিনিরও, ‘আমার জোরালো বিশ্বাস, যুক্তরাষ্ট্রে ফুটবল বিকশিত হবে। আর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে শীর্ষস্থানীয় একটা দল গড়ে তোলার এটাই সেরা প্রকল্প।’
মালদিনি এক অর্থে হারিয়ে দিলেন ডেভিড বেকহামকেও। মায়ামিতে মেজর লিগ সকারের নতুন একটি ফ্র্যাঞ্চাইজি খুলবেন বলে অনেক আগেই পরিকল্পনা করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা। স্টেডিয়ামের অভাবে সেটির বাস্তবায়ন এখনো ঝুলে আছে। তবে রিয়াল মাদ্রিদ থেকে এমএলএসের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দিয়ে অনেককেই পথ দেখিয়েছেন বেকহাম। তাঁর দেখানো পথেই রাউল-ল্যাম্পার্ডের মতো ফুটবলাররা নাম লিখিয়েছেন মেজর লিগ সকারে।
তাহলে কি আমেরিকায় ফুটবল আলোকিত হচ্ছে! মেইল অনলাইন।