রোনালদোর ফাইনালের পথ পরিষ্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোয়েশিয়ার সঙ্গে জয়ের পর আনন্দে বিহ্বল পর্তুগাল দল। ছবি: এএফপি।
ক্রোয়েশিয়ার সঙ্গে জয়ের পর আনন্দে বিহ্বল পর্তুগাল দল। ছবি: এএফপি।

তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দেখছিলেন অনেকে। খুব খারাপ হলে পর্তুগালকে বড়জোর ২ নম্বরে রেখেছেন কেউ কেউ। কিন্তু একটা ম্যাচও না জিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তৃতীয় হয়ে নকআউট পর্বে যাবে, সেটা কজন ভেবেছিলেন? কিন্তু সেটাই বোধ হয় শাপে বর হয়েছে পর্তুগালের জন্য। কাল ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর রোনালদোদের ফাইনালের রাস্তা যে একেবারে পরিষ্কার! গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলে হয়তো এর চেয়ে কঠিন পথে পড়তে হতো পর্তুগালকে। এবার যে রাস্তাটা অনেকটাই সহজ।

পর্তুগাল যদি গ্রুপের দ্বিতীয় দলও হতো, দ্বিতীয় রাউন্ডেই তাদের মুখোমুখি হতে হতো ইংল্যান্ডের। ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানির মতো দলকে পেয়ে যেত একই অর্ধে। এখন ৩ হয়ে নকআউট পর্বে ওঠায় ওই অর্ধটা এড়াতে পেরেছে। পর্তুগালের সামনে তেমন কোনো বড় প্রতিপক্ষই নেই ফাইনালের আগ পর্যন্ত।


ক্রোয়েশিয়াকেই পর্তুগালের পথে সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছিল। তাদের হারানোর পর কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ এখন পোল্যান্ড। রবার্ট লেভানডফস্কির দল কাল যেমন খেলেছে, তাতে উচ্ছ্বসিত হওয়ার তেমন কারণ নেই। মুখোমুখি লড়াইয়ে পর্তুগালই এগিয়ে, দুই দলের ১০ বারের দেখায় চারবারই জিতেছে। পোল্যান্ড জিতেছে তিনবার, অন্য তিন ম্যাচ হয়েছে ড্র।

এরপর সেমিফাইনালে পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ওয়েলস, হাঙ্গেরি, বেলজিয়ামের যে–কেউ। কাগজে–কলমে হিসাব করলে বেলজিয়ামই সবচেয়ে বড় বাধা হতে পারে। কিন্তু তাদেরও খুব বড় হুমকি হওয়ার কথা নয়। ওই ম্যাচ জিতলে পর্তুগাল তো ফাইনালেই চলে যাবে। ২০০৪ ইউরোতে দেশের মাটিতে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পর্তুগাল।

এবার কি সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারবে। সেই পথ আপাতত দূরেই থাক। রোনালদো ও পর্তুগালের ভক্তরা এখন অপেক্ষা করছেন এক এক করে একেকটা ধাপ পেরিয়ে ফাইনালে যাওয়ার, যে সম্ভাবনা এখন তো খুবই উজ্জ্বল মনে হচ্ছে!