রোনালদোর বদলে সেরা তিনে থাকা উচিত ছিল নেইমারের!

২০০৯ সালে ট্রেবলের বৃত্তে ছিল বার্সেলোনা। দল হিসেবে শিরোপাত্রয়ী তো জিতেছিলই, ফিফা বর্ষসেরার তালিকাতেও ছিলেন বার্সা-ত্রয়ী জাভি-ইনিয়েস্তা-মেসি। এবার এখনো ফিফা বর্ষসেরার তালিকা ঘোষণা করা হয়নি। তবে এর আগে উয়েফা বর্ষসেরার তালিকায় সেরা তিনে আছেন বার্সার দুজন। যদিও লুইস এনরিকে মনে করেন, সেরা তিনে থাকা উচিত ছিল বার্সারই তিন খেলোয়াড়ের।
সেরা তিনে বার্সার মেসি-সুয়ারেজের পাশাপাশি আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোও। রিয়ালের হয়ে হয়ে গত মৌসুমে মূল শিরোপাগুলোর কিছুই জেতেননি। কিন্তু ব্যক্তিগত ক্যারিয়ারের সেরা সময় গেছে। ৫৪ ম্যাচে করেছেন ৬১ গোল। এত অবিশ্বাস্য গোল রেকর্ডের পরেও সেরা তিনে রোনালদো না-থাকলে সেটাই হতো বিস্ময়ের। যদিও বার্সা কোচ মনে করেন, সেরা তিনে রোনালদোর জায়গা নেই।
গত বুধবার উয়েফা সেরা তিনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করার অনেকেই নেইমারের নাম দেখতে না পেয়ে বিস্ময় প্রকাশ করেন। বার্সার দুর্দান্ত একটা মৌসুম গেছে তাঁরও। ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন। একটা সময় এক মৌসুমে ৩৯ গোল সঙ্গে তিনটি শিরোপা জিতলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারই নিশ্চিত ছিল। অথচ নেইমার সেরা তিনেই জায়গা পেলেন না!
চ্যাম্পিয়নস লিগের যৌথ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত প্রত্যেক ধাপে গোল করেছেন। স্প্যানিশ লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। তবুও নেইমার নেই!
শুধু তা-ই নয়, সেরা দশের পূর্ণাঙ্গ তালিকায়ে চারেও নয়, নেইমার আছেন পাঁচে! এক পয়েন্ট বেশি নিয়ে চারে আছেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। স্বাভাবিকভাবেই নেইমার-ভক্তেরা মেনে নিতে পারছেন না বিষয়টি। অনেকেই ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুললেন এনরিকেও।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস নেইমারের না-থাকা নিয়ে চলা বিতর্কের প্রসঙ্গটি টেনে বার্সা কোচের মন্তব্য জানতে চায়। এনরিকে যেন একটু বিরক্তি নিয়েই উত্তর দেন। বলেন, ‘এটা নিয়ে আমি কী বলব, যারা ভোট দিয়েছে তাদের গিয়ে জিজ্ঞেস করুন। আমার মত যদি জানতেই চান তো বলব সেরা তিনে মেসি, সুয়ারেজ আর নেইমারের থাকা উচিত ছিল।’
উয়েফার ৫৪ সদস্য দেশের নির্বাচিত সাংবাদিকেরা প্রথম দফায় তাঁদের পছন্দের সেরা পাঁচ খেলোয়াড়কে ভোট দেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া ১০ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা। এই তিনজনের মধ্যে বর্ষসেরা কে হবেন, সেটি জানা যাবে ২৭ আগস্ট। এ দিন চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পাশাপাশি আরেক দফা তাৎক্ষণিক ভোটের পর ঘোষণা করা হবে ইউরোপের সেরা খেলোয়াড়ের নাম।