রোনালদোর রেকর্ড পুরো আর্সেনালের চেয়ে ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর কাছে হেরে গেছে আর্সেনাল। ছবি: রয়টার্স
রোনালদোর কাছে হেরে গেছে আর্সেনাল। ছবি: রয়টার্স

ফুটবল নাকি দলীয় খেলা। এখানে ব্যক্তি বলতে কিছু নেই, সাফল্য পেতে দল হয়ে খেলতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির মতো খেলোয়াড়দের ক্ষেত্রে আবার এসব যুক্তি খাটে না। কখনো কখনো তারা যে ব্যক্তি ঝলকে হারিয়ে দিতে পারেন পুরো এক​টি দলকে। পরশু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে ভলফ্‌সবুর্গকে তো একাই হারিয়ে দিলেন রোনালদো। আবার কাল মেসি পারেননি বলে পারল না বার্সাও।


তবুও যদি মনে হয় ফুটবলে একা ম্যাচ জেতানো সম্ভব নয়, তবে আরেকটু ভাবুন। কারণ, চ্যাম্পিয়নস লিগের রেকর্ড জানাচ্ছে পুরো আর্সেনাল দলকে হারিয়ে দিয়েছেন রোনালদো। গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জার্সিতে পরশু পর্যন্ত যথাক্রমে ১৭টি, ১০টি ও ১৬টি গোল করেছেন। অর্থাৎ সেমিফাইনাল খেলার আগেই এই পর্তুগিজ তারকার গোল ৪৩টি। আর এই তিন মৌসুমে ইংলিশ পরাশক্তি আর্সেনালের পুরো দল কটি গোল করেছেন জানেন? ৪১টি। অর্থাৎ, পুরো আর্সেনাল একাদশকে ২ গোলে হারিয়ে দিয়েছেন রোনালদো!

পরশুর হ্যাটট্রিকে অবশ্য শুধু তিন মৌসুম নয়, চ্যাম্পিয়নস লিগ যুগের পুরো ইতিহাসের পরিসংখ্যানেও আর্সেনালকে পেছনে ফেলেছেন রোনালদো। গত ২৪ মৌসুমে আর্সেনালের জার্সিতে মোট ৪টি হ্যাটট্রিক হয়েছে। আর রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে রোনালদো একাই করেছেন পাঁচ হ্যাটট্রিক। এখানেও রোনালদো এগিয়ে আছেন ৫-৪ ব্যবধানে।

আর্সেনাল তাহলে ভাবতেই পারে এত কষ্ট করে দল বানিয়ে লাভ কী? একজন ‘রোনালদো’ পেলেই তো হয়ে যেত, চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নটাও পূরণ হয়ে যেত!