রোনালদোর রেকর্ডে ফাইনালে পর্তুগাল

ঘড়ির কাটা ধীরে ধীরে ৯০ মিনিটের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওয়েলস গ্যালারি থেকে ভেসে এল গান। ম্যাচে তখন বেলরা পিছিয়ে ২-০ গোলে। কিন্তু লিঁওর স্টেডিয়ামে থাকা হাজার হাজার ওয়েলস দর্শকের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা তো তাদের দলের খেলায় গর্বিত, সেমিফাইনালে উঠে এসেছে দল—এটাই বা কম কী! ইউরোর ফাইনালে যেতে পারেননি ওয়েলস; কারণ একটাই প্রতিপক্ষ দলে যে ছিলেন একজন রোনালদো!
হ্যাঁ, একজন ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষেই সম্ভব পরাজিত দলকে এভাবে সান্ত্বনা খুঁজে পাওয়ার সুযোগ দেওয়া। যাঁরা বলতে পারবেন, ‘আমাদের দুর্ভাগ্য, ওদের একজন রোনালদো ছিল।’ প্রতিপক্ষের এই দুর্ভাগ্যটাই তো পর্তুগালকে দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে তুলে দিল কাল।
ম্যাচের আগে পুরো আবহটাই ছিল রোনালদো-বেলকে নিয়ে। কেন, সেটা প্রমাণ করে দিলেন দুজনই। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল চেপে বসলেও পাল্টা আক্রমণে বারবার যে ওয়েলস ভয় দেখাচ্ছিল তার কারণ তো ওই গ্যারেথ বেল। দুর্দান্ত সব দৌড় ও ড্রিবলিং দিয়ে বারবার আতঙ্ক ছড়াচ্ছিলেন বেল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নিষিদ্ধ অ্যারন রামসের অনুপস্থিতিটাই ঝামেলায় ফেলল ওয়েলসকে। বেলকে সহযোগিতা করার মতো কেউ ছিলেন না কাল।
রোনালদোকে এমন ঝামেলা পোহাতে হয়নি। রেনাতো সানচেস, নানি, জো মারিও সবাই ছিলেন। কিন্তু ম্যাচের রং বদলাতে ওই রোনালদোকেই এগিয়ে আসতে হলো।
৫০ মিনিটে ডি-বক্সে উড়ে আসা বল, চারপাশে ডিফেন্ডারদের জটলা। এর মাঝেই নিজের ট্রেডমার্ক লাফ দিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন রোনালদো। দুর্দান্ত এক হেডে বল ওয়েলসের জালে। এগিয়ে গেল পর্তুগাল।

সেই সঙ্গে ৩২ বছর ধরে মিশেল প্লাতিনির আগলে রাখা রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি। ইউরোতে ৯ গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ফ্রেঞ্চ কিংবদন্তির পাশে চলে এলেন রোনালদো।
এটুকুই যথেষ্ট হতো, কিন্তু কাল যে রোনলাদো নিজেকে চেনাতেই নেমেছিলেন। ৩ মিনিট পরেই বক্সের বাইরে থেকে তাঁর নিচু ক্রস, তাতে পা ছুঁয়ে দ্বিতীয় গোল নানির। ম্যাচের গল্প সেখানেই শেষ হয়ে গেল। ওয়েলস কোচ ক্রিস কোলম্যান তো আর শুধু শুধু বলেননি, ‘আমার মনে হয় না, আমার খেলোয়াড়েরা এর চেয়ে বেশি কিছু দিতে পারত।’
সত্যিই, কাল ওয়েলসের হারে এতটুকু গ্লানি নেই। কারণ, তাঁরা তো এরই মাঝে পেয়ে গেছেন আজীবন গর্ব করার মতো গল্প। প্রথমবার খেলতে এসে ইংল্যান্ডকে টপকে গ্রুপ সেরা হওয়া, রাশিয়ার বিপক্ষে সুন্দর ফুটবলের পসরা সাজানো, বেলজিয়ামকে ৩-১ গোলে হারানো, ওই ম্যাচেই হাল রবসন-কানুর সেই ‘ক্রুইফ-টার্ন’—রোমন্থনের মতো অনেক কিছুই তো পেল তাঁরা। সে কারণেই ম্যাচ শেষ হওয়ার আগেই খেলোয়াড়দের ওয়েলস সমর্থকেরা জানিয়ে দিলেন, ‘আমরা তোমাদের নিয়ে গর্বিত।’
পর্তুগালও নিশ্চয় তাদের দল নিয়ে গর্বিত। তবে তাদের এই গর্ব, এই উৎসব আরও বেড়ে যাবে ১০ জুলাইয়ের ফাইনালে জয় পেলে। রোনালদো কিন্তু স্বপ্ন দেখছেন, ‘আমরা শিরোপার আরেকটু কাছে এলাম। আমার ধারণা, এবার আমরাই জিতব।’ তথ্যসূত্র: সনি ইএসপিএন, দ্য গার্ডিয়ান।