রোনালদোর সামনে শুধু রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে না পড়লে রোনালদোর আনন্দটা হয়তো আরও বেশি হতো। এখন তো এটি শুধুই ব্যক্তিগত এক অর্জন। বার্নাব্যুতে পেনাল্টি থেকে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ওই গোলেই রিয়ালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুই নম্বরে থাকা আলফ্রেডো ডি স্টেফানোকে ছুঁয়েছেন রোনালদো। দুজনেরই গোলসংখ্যা এখন ৩০৭। সামনে এখন একজনই—৩২৩ গোল নিয়ে রাউল।
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৭৭ এবং প্রতিযোগিতার এক মৌসুমে সর্বোচ্চ ১০ গোল—রেকর্ড দুটিও পরশু পেনাল্টি থেকে পাওয়া গোলে ছুঁয়েছেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার। এই দুটি রেকর্ড নিয়ে অনেক দিনই ধরেই ‘ইঁদুরদৌড়’ চলছে রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। বার্সেলোনা ফাইনালে ওঠায় এই মৌসুমেই হয়তো দুটি রেকর্ডই নিজের করে নেবেন মেসি। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে তো এখনই রোনালদোর পাশে আছে তাঁর নামও।
রিয়ালের জার্সি গায়ে গোল করায় রাউলকে ছাপিয়ে যেতে রোনালদোর দরকার আর মাত্র ১৬ গোল। দল ছেড়ে না গেলে
আগামী মৌসুমের শুরুর দিকেই তা হয়ে যাওয়ার কথা। ম্যাচপ্রতি গোলের হিসাবে রোনালদো অবশ্য অনেক এগিয়ে। রাউলের ৩২৩ গোল ১৬ বছরে ৭৪১ ম্যাচ খেলে। যেখানে রোনালদো ছয় বছরে খেলেছেন মাত্র ২৯৮ ম্যাচ। রোনালদোর সমান গোল করতে ডি স্টেফানোকেও ৯৮ ম্যাচ বেশি খেলতে হয়েছিল। উয়েফাডটকম।

রিয়ালের শীর্ষ পাঁচ গোলদাতা
রিয়ালের শীর্ষ পাঁচ গোলদাতা