রোনালদোর হলোটা কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বুটের ছোঁয়ায় কত গোল হয়; অথচ কটা দিন কী যে হলো! আলবেনিয়ার বিপক্ষে গভীর মনোযোগে বুটটা দেখছেন রোনালদো। ছবি: রয়টার্স
এ বুটের ছোঁয়ায় কত গোল হয়; অথচ কটা দিন কী যে হলো! আলবেনিয়ার বিপক্ষে গভীর মনোযোগে বুটটা দেখছেন রোনালদো। ছবি: রয়টার্স

গোল যেন তাঁর পোষা বিড়াল, চাইলেই ধরা দেয় অনায়াসে। সেই গোল এ মৌসুমে মরীচিকায় পরিণত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে! প্রাক-মৌসুমে গোল পাননি। স্প্যানিশ লিগেও গোল পাচ্ছেন না। গোলের দেখা নেই জাতীয় দলের জার্সিতেও। রোনালদোর হলোটা কী!

প্রাক-মৌসুমেও ছয় ম্যাচ মিলিয়ে গোল করেছেন মাত্র একটি। স্প্যানিশ লিগের দুই ম্যাচে গোল পাননি, পর্তুগালের জার্সিতে দুই ম্যাচেও গোল নেই। রোনালদো খেলেছেন, সর্বশেষ এমন দশ ম্যাচে তাঁর নামের পাশে মাত্র একটি গোল! এ তো রীতিমতো অবিশ্বাস্য!
প্রাক-মৌসুমের হিসাব বাদও দিলে এ মৌসুমে টানা চারটি ম্যাচে রোনালদো গোল পাননি। ২০১৫-১৬ মৌসুমের বউনি করা হয়নি তাঁর। স্প্যানিশ লিগে দুই ম্যাচে গোলশূন্য থেকে পর্তুগালের জার্সি গায়ে চড়ালেন। কিন্তু জার্সি বদলালেও বদলাল না ভাগ্য। ফ্রান্সের বিপক্ষে গোল পাননি, দলও হেরেছে ১-০ ব্যবধানে। ইউরো বাছাইয়ে গতকাল আলবেনিয়ার বিপক্ষে দল ১-০ ব্যবধানে জিতলেও গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা।
রিয়ালের জার্সিতে গোলশূন্য থাকার পর ব্যর্থতার ব্যাপ্তি জাতীয় দল পর্যন্ত বিস্তৃত, স্বাভাবিকভাবেই সমালোচনা হজম করতে হচ্ছে সিআর সেভেনকে। অবশ্য এ দুঃসময়ে দলের অধিনায়ককে আগলেই রাখছেন ফার্নান্দো সান্তোস। পর্তুগাল কোচ বললেন, নামটা রোনালদো বলেই ফর্মটা চোখে পড়ছে বেশি করে, ‘সে এমন এক খেলোয়াড় যে কিনা মৌসুম-প্রতি ৫০ গোল করে। কাজেই কয়েক ম্যাচে গোল না পেলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটাই স্বাভাবিক।’
সান্তোস আশাবাদী, শিগগির গোলের দেখা পাবেন পর্তুগিজ ফরোয়ার্ড, ‘সে অসাধারণ ত্যাগের দৃষ্টান্ত তৈরি করেছে। চোট নিয়েও ম্যাচে সবটুকু উজাড় করা দেয়। গোলের দেখা সে নিশ্চয় পাবে।’ তথ্যসূত্র: গোলডটকম।