রোনালদোর 'ইগো' রিয়ালের আসল সমস্যা!

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে গ্যারেথ বেলের রসায়ন জমে না ওঠায় গত মৌসুমে আলোচনা হয়েছে ঢের। বেলের এজেন্ট জোনাথন বার্নেট তো মাস চারেক আগে দাবিই করে বসেছিলেন, সতীর্থদের ‘অসহযোগিতা’র কারণে ঠিক মেলে ধরতে পারছেন না ওয়েলশ উইঙ্গার। সতীর্থদের বলতে ইঙ্গিতটা ছিল রোনালদোর দিকেই। ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক আদ্রিয়ান ডারহাম অবশ্য কোনো রাখঢাক না রেখেই অভিযোগের তির ছুড়েছেন রোনালদোর দিকেই।
রোনালদোর ‘ইগো’ বা আত্ম-অহংকারের কারণেই নাকি জ্বলে উঠতে পারছেন না বেল, পড়ে থাকতে হচ্ছে পর্তুগিজ তারকার আড়ালেই। ডেইলি মেইলে নিজের কলামে ডারহাম লিখেছেন, ‘রোনালদো এখনো মনে করেন, তিনিই দলের কেন্দ্রবিন্দু। প্রতিটি ম্যাচকে মনে করেন নিজের জন্মদিনের পার্টি। সেখানে তিনি উপহার পেতে চান, কেক খেতে চান এবং পুরো পার্টি জয় করতে চান। যদি তাঁর মন মতো না হয়, তবে উদ্যাপন করবেন না, আনন্দ করবেন না। এমনকি এমন কাজ করবেন, সবাইকে ভুগতে হবে। মাঠেও পুরোটা সময় ঠিক এভাবেই খেলেন, কেবল নিজের জন্য। ভুল বুঝবেন না, রোনালদো এখনো বিশ্বের অন্যতম সেরা। তবে রাফায়েল বেনিতেজের অধীনে রিয়ালকে খেলতে হবে একটি দল হিসেবেই। তবে রোনালদো এভাবে খেলতে সব সময় আগ্রহী নন।’
নিজের যুক্তির পক্ষে উদাহরণও দিয়েছেন বিস্ফোরক সব মন্তব্যের জন্য আলোচিত এই ইংলিশ সাংবাদিক, ‘লিগে স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচের কথাই ধরুন। বেনিতেজ বেল ও রোনালদোকে পুরো ৯০ মিনিটই খেলিয়েছেন। কিন্তু গোল এনে দিতে পারেননি কেউ। ম্যাচের শেষের দিকে বেলের বাড়িয়ে দেওয়া বলে ব্যর্থ হয়েছেন সিআর সেভেন। ম্যাচে এমন হতেই পারে। তবে দুজনের মধ্যে তেমন কোনো সংযোগ বা খুব ভালো বোঝাপড়া ছিল, তেমনটি বলা যাবে না। যদি এটি ইগো নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, রোনালদো নিশ্চিত বেলকে হারিয়েছেন।’
এই ‘ইগো’র লড়াইটাই রিয়ালকে ভোগাবে বলে আশঙ্কা তাঁর। রিয়ালে রোনালদো ছয়টি মৌসুম খেলেছেন। কিন্তু বড় শিরোপা বলতে জিতেছেন একটি লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। তাহলে কোথায় যায় রোনালদোর এত এত গোল? এই প্রশ্ন তুলেছেন ডারহাম, “রিয়ালে আসার পর রোনালদো লিগ শিরোপা জিতেছেন মাত্র একবার। আর একবার চ্যাম্পিয়নস লিগ। তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, এ নিয়ে প্রশ্ন নেই। তবে রিয়ালকে সব দিক দিয়ে কার্যকর করতে তাঁকে আরও অবদান রাখতে হবে। রোনালদোর ছায়ায় পড়ে থাকা বেল নিজের সেরাটা দিতে পারছেন না। দুজনকে একই সঙ্গে পারফর্ম করাতে বেনিতেজকে কাজ করতে হবে। দুজনের কাছ থেকেই সেরাটা বের করে আনতে হবে। এটি করতে গিয়ে রোনালদোর সঙ্গে আবার ‘যুদ্ধ’ শুরু করা যাবে না।”
রোনালদোর কারণেই বেল নিজের পুরোটা মেলে ধরতে পারছেন না—এমন অভিযোগ কলামের পরতে পরতে লিখেছেন ডারহাম। রিয়ালকে সাফল্য পেতে হলে বেলকে আরও বেশি স্বাধীনতা, রোনালদোর ছায়া থেকে বের হয়ে আসার পথ বেনিতেজকে করে দিতে হবে বলে মন্তব্য তাঁর, ‘বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে রিয়ালে আসা বেল গত দুই মৌসুমে তেমন কিছু করতে পারেননি। অন্য বড় তারকার মতো তিনিও চান বেশি কিছু করতে। একটি ভালো ব্যবস্থাপনাই পারে রোনালদোর ইগো সমস্যা উতরে রিয়ালে বেলের আরও সাফল্য পাওয়ার সুযোগ অবারিত করতে। একই সঙ্গে রিয়ালের সবচেয়ে অপরিহার্য খেলোয়াড় হতে বেলকে আরও অনেক কিছু করতে হবে।’