রোনালদোর '৫০০'-কীর্তি

দারুণ এক কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য এই কীর্তিটা তাঁর জন্য বেশ কিছু দিন ধরে ‘সময়ের ব্যাপার’ হয়েই ছিল। অপেক্ষাটা ছিল মাত্র একটি গোলের। এই একটি গোল করতেই চারটি ম্যাচ খেলতে হলো তাঁকে। মাঝখানে তো তিনটি ম্যাচে গোলই করতে পারছিলেন না। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঠিকই হাঁটলেন সেই অনন্য অর্জনের দিকে। মালামোর বিপক্ষে তাঁর জোড়া গোলেই রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে। আর এই জোড়া গোলে নিজে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক।
ক্লাব আর জাতীয় দল মিলিয়ে রোনালদোর এই গোল। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষেই হ্যাটট্রিক করে নিজের গোল ৪৯৯-তে নিয়ে গিয়েছিলেন তিনি। মালামোর বিপক্ষে ম্যাচের পর সেই গোলসংখ্যা এখন ৫০১।
মালামোর বিপক্ষে ২৯ কম মিনিটেই রোনালদো দাঁড়িয়ে যান তাঁর ৫০০ তম গোলের মাইলফলকের সামনে। ৮৯ মিনিটে দলের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যান ৫০১ তম গোল।
৫০১ গোলের মধ্যে রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৩২৩ গোলে। ‘লস ব্লাঙ্কোস’ তারকা রাউল গঞ্জালেসের পাশেই থাকছেন তিনি, গোলসংখ্যার দিক দিয়ে।
গোলসংখ্যায় পাশে থাকলেও ম্যাচের সংখ্যার দিক দিয়ে রাউলকে বিপুল ব্যবধানেই পেছনে ফেলেছেন পর্তুগিজ তারকা। ১৯৯৪ থেকে ২০১০ সালের মধ্যে ৭৪১টি ম্যাচ খেলে রাউল যেখানে ৩২৩ গোলের কীর্তি গড়েছেন। রোনালদোর সেখানে এই কীর্তি ছুঁতে লেগেছে মাত্র ৩০৮ ম্যাচ।
রিয়ালে যোগ দেওয়ার আগে রোনালদো খেলেছেন, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ১১৮। তাঁর প্রথম ক্লাব লিসবনের হয়ে তিনি করেছেন ৩১ ম্যাচে ৫ গোল।
পর্তুগাল জাতীয় দলের জার্সি গায়ে ১২২টি ম্যাচ খেলে ৫৫ গোলের মালিক হওয়াটাও কিন্তু দারুণ কৃতিত্বেরই।
রিয়াল ডিফেন্ডার আলভারো আরবেলোয়া সতীর্থের এমন সাফল্যে আপ্লুত, ‘রাউলের মতো একজন কিংবদন্তির যে অর্জন, রোনালদো সেই অর্জন ছুঁয়েছে রাউলের অর্ধেক ম্যাচ খেলেই! সে সত্যিই রিয়াল মাদ্রিদের আরও একজন কিংবদন্তিতে পরিণত হয়েছে।
রোনালদো নিজে অবশ্য গৎবাঁধা কিছু মন্তব্যের বাইরে যাননি, ‘আমি খুবই খুশি। আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই কীর্তি গড়তে সর্বাত্মক সহযোগিতা করেছে।’
রিয়াল কোচ রাফায়েল বেনিত্তেজ রোনালদোর কাছ থেকে আরও ভিন্ন কিছু আশা করেন, ‘রোনালদো এখানেই থেমে যাবে এমনটা আশা করি না। বরং আমি চাইব রোনালদো অর্জনের সবক্ষেত্রে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাক।’ সূত্র: এএফপি, রয়টার্স।