রোনালদোয় আশা-হতাশা দুটোই দেখছেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে আজ অনুশীলনে রোনালদো। ছবি:  এএফপি।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে আজ অনুশীলনে রোনালদো। ছবি: এএফপি।

প্রথম দুই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি, পর্তুগালও পেল মাত্র এক গোল। হাঙ্গেরির সঙ্গে শেষ ম্যাচে রোনালদো জোড়া গোল পেলেন, পর্তুগালও তিনবার পিছিয়ে পড়েও ড্র করে উঠে গেল ২০১৬ ইউরোর নকআউট পর্বে। তবে রোনালদোর ওপর এই অতিনির্ভরতা পছন্দ হচ্ছে না ডিয়েগো ম্যারাডোনার। ব্যাপারটা পর্তুগালের জন্য ক্ষতিকর বলেই মনে করছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ম্যারাডোনা অবশ্য রোনালদোর ঠিক সমালোচনা করেননি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শঙ্কার কথা জানিয়েছেন, ‘পর্তুগাল এখন রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছে। হাঙ্গেরির বিরুদ্ধে সে দুর্দান্ত ছিল, কিন্তু ও ভালো না খেললেই ওদের শক্তি অর্ধেক কমে যায়। ক্রোয়েশিয়া টেকনিক্যালি খুবই ভালো। রোনালদো যাতে ভালো খেলতে না পারে, সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করবে।’
নিজেদের শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দিয়েছে ক্রোয়েশিয়া। ম্যারাডোনা তাই ক্রোয়াটদেরই ফেবারিট মানছেন, ‘রোনালদো জায়গা বের করে নেওয়ার চেষ্টা করবে। পর্তুগালের সাফল্য সেটার ওপর অনেকটুকুই নির্ভর করছে। মধ্যমাঠ ও রক্ষণের ফাঁকফোকর বন্ধ করতে হবে পর্তুগালকে। এখানে ভুল করলে তাদের বাদ পড়ে যেতে পারে। আমি সবকিছু মিলে ক্রোয়েশিয়াকেই এগিয়ে রাখছি।’
স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়ে মুগ্ধ ম্যারাডোনাও, ‘ক্রোয়েশিয়া কতটা ভালো সেটা স্পেনের সঙ্গে ম্যাচ দিয়েই বোঝা যায়। চেক প্রজাতন্ত্রের ম্যাচে তারা এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে। কিন্তু মড​রিচ ও মানজুকিচদের মতো খেলোয়াড়দের ছাড়াই স্পেনের সঙ্গে ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে।’ তবে পর্তুগালের সঙ্গে ম্যাচটা অন্য রকম হবে বলে ম্যারাডোনার ধারণা, ‘ইউরোপের আরও অনেক দলের মতোই ক্রোয়েশিয়া ট্যাকটিক্যালি খুবই ভালো। তবে রোনালদোর দল যদি রক্ষণাত্মক খেলে, আর প্রতি আক্রমণে গোল করতে চায় তাহলে পর্তুগালের সঙ্গে তাদের অভিজ্ঞতা অন্য রকম হতে পারে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়াকে প্ল্যান বি তে যেতে হতে পারে। ১৯৯৮ সালের দলটির মতো অতটা ঝলক হয়তো এই দলের নেই। তবে কৌশলগত শৃঙ্খলা, দলীয় সংহতিতে পিছিয়ে নেই।’