রোনালদো-বেল টানাপোড়েন?

চাইলেই বলটা দিতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তা থেকে সিআর সেভেন গোল করতে না পারলে সেটি হতো বিস্ময়কর। কিন্তু গ্যারেথ বেল রোনালদোকে বল না বাড়িয়ে নিজেই শট নিলেন। গোল দেওয়া দূরে থাক, শট রাখতে পারলেন না পোস্টেই। রোনালদো সতীর্থের ওপর ক্ষোভটা আড়াল করার কোনো চেষ্টাই করলেন না। রিয়াল মাদ্রিদের ওয়েলশ উইঙ্গারকে ঘরের মাঠে দর্শকদের দুয়ো শুনতে হলো।
অথচ রিয়ালের জয়ের ধারায় ফেরা নিয়েই কথা হওয়া উচিত ছিল। টানা ২২ ম্যাচ জেতার পর যে দল উড়ছিল, পরপর দুই ম্যাচ হারায় ‘গেল গেল’ রবও উঠে গিয়েছিল। অবশেষে পরশু রিয়াল ফিরল রিয়ালের মতোই, এসপানিওলকে ৩-১ গোলে হারিয়ে কার্লো আনচেলত্তি তো সমর্থকদের খোঁচা দেওয়ার উপলক্ষও পেয়ে গিয়েছিলেন। অথচ রিয়াল কোচকে কথা বলতে হলো বেলকে নিয়ে!
কারণ আছে অবশ্য। বেল আগের সপ্তাহে ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচেও এমন করেছিলেন। প্রতি-আক্রমণে বল পেয়ে করিম বেনজেমাকে সেটি দেওয়াই যেখানে উচিত ছিল, তা না করে নিজে মারতে গিয়ে সুযোগটা নষ্ট করেন। ভাগ্য ভালো, পরশু মিস করার আগেই নিজে ফ্রি-কিক থেকে দুর্দান্ত একটা গোল করেছিলেন। সঙ্গে হামেস রদ্রিগেজ ও নাচোর গোলে রিয়াল বড় জয়ই পেয়েছে। আনচেলত্তি বেলের প্রশংসাই করেছেন, ‘বেল খুবই ভালো খেলেছে। তার খেলায় তীব্রতা ছিল, সে একটা গোল করেছে, প্রথম গোলেও তার অবদান ছিল। আমার তো মনে হয় সে খুবই ভালো খেলেছে। আর এটিকে (বল না দেওয়া) এত বড় করে দেখার কিছু নেই।’
কিন্তু বেল কি আসলে স্বার্থপরের মতো খেলেননি? কূটনৈতিক উত্তর আনচেলত্তির, ‘এই দলে নিঃস্বার্থপরতা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ স্বার্থপর হওয়ার চেষ্টা করে তাহলে তো সেটি নিয়ে মাথা ঘামাতেই হবে।’ এমনও প্রশ্ন উঠেছে, রোনালদো ও বেলের মধ্যে কি কোনো টানাপোড়েন চলছে? কোচ বলটা ‘ক্লিয়ার’ করে দিলেন, ‘ওদের দুজনের (রোনালদো ও বেলের) মধ্যে তো বটেই, বাকিদের মধ্যেও সম্পর্ক খুবই ভালো। আমাদের সবার লক্ষ্য অভিন্ন, রিয়াল মাদ্রিদকে যতটা সম্ভব উঁচুতে নিয়ে যাওয়া।’ ডিফেন্ডার নাচোর কণ্ঠেও কোচের সুর, ‘ওদের সম্পর্কটা দুর্দান্ত’। আর মিডফিল্ডার ইসকোর দাবি, বেল রোনালদোকে দেখেইননি! এএফপি, গোলডটকম।