রোনালদো-বেলের দিকে তাকিয়ে রিয়াল

২০১৪ সালের কোপা ডেল রে ফাইনাল। ম্যাচের বাকি আর অল্প কিছুক্ষণ। মাঠের বাঁ প্রান্তে পার্শ্বরেখার কাছে বল পেলেন গ্যারেথ বেল। প্রচন্ড গতিতে বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রাকে ছিটকে ফেলে দৌড়ালেন মাঠের অর্ধেকটাই। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক হোসে পিন্টোর দুপায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দিলেন ওয়েলশ উইঙ্গার। এর আগে মৌসুমে আরও ১৯টি গোল করেছিলেন, তবে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানো এই গোলটি দিয়েই স্পেনে নিজেকে তুলে ধরেছিলেন বর্তমান ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়।
২০১১ কোপা ডেল রে ফাইনালটা মনে আছে? নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য। অতিরিক্ত সময়ে বাঁ প্রান্ত থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত ক্রস থেকে ক্রিস্টিয়ানো রোনালদো হেডটি হলো আরও দুর্দান্ত। নিজের দ্বিতীয় মৌসুমে রোনালদো প্রথম শিরোপা জেতালেন রিয়ালকে। এর চারদিন আগেই লিগে বার্সেলোনার বিপক্ষে নিজের গোলের খাতা খোলেন, যদিও পেনাল্টি থেকে।
আজ আবার বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে এল ক্লাসিকোতে নামছে রিয়াল। রাফায়েল বেনিতেজের দল জয়ের জন্য আজও তাকিয়ে থাকবে এই দুজনের দিকেই। কতটা ভরসা দিচ্ছেন ১৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যের যুগল? মৌসুমের ‘পরিসংখ্যান’ অবশ্য ভালো নয়।
রোনালদো এবার ঠিক রোনালদোসুলভ নন! মৌসুমের এ পর্যন্ত ১৯ ম্যাচে ১৩ গোল। সংখ্যার বিচারে বেশ ভালোই। তবে এর সঙ্গে আরও কিছু সংখ্যা যোগ করে নিন, রেকর্ডটাকে মলিনই মনে হবে। সর্বশেষ ৮ ম্যাচে যে মাত্র ৩ গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার।
‘হায়, হায়’ রব তোলার আগে সময়েরও হিসেব দেখে নিতে পারেন। গত ৪ অক্টোবর সর্বশেষ রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন করিম বেনজেমা। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ফ্রেঞ্চ স্ট্রাইকার। রোনালদোর সর্বশেষ যে আট ম্যাচের পরিসংখ্যান ওপরে দেওয়া হলো, সেটিরও শুরু ওই ৪ অক্টোবর থেকেই। কাকতাল নয়! বেনজেমা না থাকায় যে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে হয়েছে রোনালদোকে। সাবেক রিয়াল খেলোয়াড় ও কোচ বার্নড সুস্টারও বলছেন, ‘স্ট্রাইকার রোনালদোকে নজরদারিতে রাখা একটু সহজ।’
একটু বিশ্লেষণ করলে সত্যিই মনে হবে। উইংয়ে খেললে যতটা জায়গা জুড়ে খেলার সুযোগ পান রোনালদো, স্ট্রাইকার হিসেবে সেটি পান না। আর দুজন ডিফেন্ডারও থাকেন সব সময় কড়া পাহারায়। আজ এল ক্লাসিকোতে বেনজেমার খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে রোনালদো হয়তো ফিরে যাবেন তাঁর পুরোনো জায়গায়। আগের ফর্মটাও যদি ফিরে পান, তবে সেটি বার্সার জন্য ভয়ের। এ পর্যন্ত বার্সার বিপক্ষে রোনালদোর ১৫ গোল, টানা ছয় এল ক্লাসিকোতে গোল করারও রেকর্ড আছে তাঁর।
এ মৌসুমে রোনালদো তা-ও ১৩ গোল করেছেন। বেল কী করেছেন? তাঁর ওপর কতটুকু ভরসা করতে পারে রিয়াল? এ পর্যন্ত লিগে ৭ ম্যাচে মাত্র ২টি গোল করেছেন ওয়েলশ উইঙ্গার। ‘এল ক্লাসিকো’র রেকর্ডটাও খুব মলিন। ওই কোপা দেল রের গোলটি ছাড়া বার্সার বিপক্ষে তিন ম্যাচে আর কোনো গোল নেই।
অবশ্য এই মৌসুমে মাঠের খেলোয়াড়দের চেয়ে চিকিৎসককেই বেশি সময় কাটিয়েছেন বেল। গত ৮ নভেম্বরের পর থেকেই ছিলেন মাঠের বাইরে। বেনজেমার সঙ্গে আজ ফিরতে পারেন তিনিও, ফর্মেও কি ফিরবেন? নিজে অবশ্য বলছেন, ‘আমি লড়তে প্রস্তুত’।
প্রস্তুত তো থাকতেই হবে। মাঠের অন্য দিকে বার্সার দুজন (মেসিকে বেঞ্চে ধরে নিয়ে) যে রিয়ালের রক্ষণকে নাচানোর আত্মবিশ্বাস নিয়েই নামবেন। মেসি দুমাস ছিলেন না, কিন্তু বার্সাকে রীতিমতো উড়িয়ে নিয়ে চলেছেন নেইমার ও সুয়ারেজ। মেসিহীন ৯ ম্যাচে দুজনেই করেছেন ১০টি করে গোল, দুজন মিলে করিয়েছেনও ১০ গোল। আজ এই দুজনের সঙ্গে যোগ দিতে পারেন বার্সার ‘নাম্বার ১০ ’। রিয়াল রক্ষণের জন্য যেটি ভয়ের বার্তাই।
গোল ও ‘অ্যাসিস্টে’র সংখ্যায় তো এই এক ম্যাচে ধরা সম্ভব নয় বার্সার ত্রয়ীকে। তবে এই ম্যাচে অন্তত পারফরম্যান্সে তাঁদের ছাপিয়ে যাবেন রোনালদো-বেল-বেনজেমারা, এমনটাই আশা রিয়াল মাদ্রিদের।