রোনালদো-মেসির সঙ্গে সুয়ারেজ-বেলও

সর্বশেষ উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। তার আগেরবার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন কাউকে দেখা যাবে, না এই দুইয়ের যে কোনো একজনের হাতে উঠবে ইউরোপ সেরার পুরস্কার? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। উয়েফা অবশ্য আজ প্রকাশ করেছে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা।
উয়েফা বর্ষসেরার পুরস্কার মেসির হাতে উঠেছে দুবার, রোনালদোর একবার। ইউরোজয়ী পর্তুগিজ স্ট্রাইকারের সামনে ‘স্কোর’ সমান করার সুযোগ। মেসি-রোনালদোর সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন সর্বশেষ ইউরোয় আলো ছড়ানো ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেল, আছেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমানও। ইউরোর পারফরম্যান্স দিয়ে এ তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপেও। মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজও আছেন সংক্ষিপ্ত তালিকায়।
তালিকাটি তিনজনে নেমে আসবে ৫ আগস্ট। ২৫ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিন জানা যাবে বিজয়ীর নাম। তথ্যসূত্র: এএফপি।
১০ জনের সংক্ষিপ্ত তালিকা:
গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ ও ওয়েলস)
জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস ও ইতালি)
আঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্স)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ ও জার্মানি)
লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা)
টমাস মুলার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)
ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)
পেপে (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল)
ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল)
লুইস সুয়ারেজ (বার্সেলোনা ও উরুগুয়ে)