রোনালদোর সেই ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৯ সালে জন্ম নেওয়া রোনালদোর ছেলে রোনাল্ড সুযোগ পেয়েছেন ব্রাজিলের এক বয়সভিত্তিক দলে
১৯৯৯ সালে জন্ম নেওয়া রোনালদোর ছেলে রোনাল্ড সুযোগ পেয়েছেন ব্রাজিলের এক বয়সভিত্তিক দলে

রোনাল্ড নাজারিও ডি লিমা। তাঁর ধমনিতেই বইছে ফুটবলের রক্ত। বাবা ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার। মা ছিলেন ব্রাজিলের নারী ফুটবলার। বাবা-মা দুজনই রোনাল্ডের নামের শেষ অংশে আছে নাজারিও ডি লিমা। এতক্ষণে হয়তো বুঝে গেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিও ডি লিমা আর নারী ফুটবলার মিলেনে ডমিঙ্গেজের ছেলের কথাই বলা হচ্ছে।

বাবা আর মায়ের পথ ধরে ফুটবলকেই পেশা বানিয়েছেন ১৯৯৯ সালে মিলানে জন্ম নেওয়া রোনাল্ড। ‘দ্য ফেনোমেনন’ সেই সময় ইতালির ক্লাব ইন্টার মিলানে খেলতেন। মিলানে জন্ম নেওয়া রোনাল্ডের বয়স এখন ১৭ বছর। জায়গা করে নিয়েছেন ম্যাকাবিয়া গেমসের জন্য দেওয়া ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলে। ম্যাকাবিয়া গেমস বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ। অনেকের কাছেই এর পরিচিতি ইহুদিদের অলিম্পিক হিসেবে। বিশ্বের ৮৫টি দেশের প্রায় ১০ হাজার অ্যাথলেট প্রতিবার অংশ নেন এতে।

রোনাল্ড ইহুদি নন। তবে সাও পাওলোতে হেবরাসিয়া ক্লাবে যাতায়াত আছে তাঁর। যেখানে ১৭ বছর বয়সে তাঁর মা ডমিঙ্গেজ খেলতেন। ক্লাবটিকে ব্রাজিলের ইহুদি ধর্মাবলম্বী আর অন্যদের মিলনকেন্দ্র বলা হয়ে থাকে। যে টুর্নামেন্টেই খেলতে যান না কেন, ছেলে ব্রাজিলের একটি দলে সুযোগ পেয়েছে এতেই বেশ খুশি রোনালদো। ইনস্টাগ্রামের মাধ্যমে ছেলেকে অভিনন্দন আর শুভকামনা জানিয়েছেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা, ‘আমার ছেলে রোনাল্ড লিমাকে বিশেষ আলিঙ্গন। শুভকামনা রইল ছেলেরা। যাও খেলো আর ব্রাজিলকে জেতাও!’

রোনাল্ডের বাবা ব্রাজিলের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। ক্লাব ফুটবলেও ছিলেন দারুণ সফল। মা ডমিঙ্গেজ ব্রাজিলের নারী দলের হয়ে খেলেছেন ২০ ম্যাচ। তাঁকে অবশ্য ফুটবল-বিশ্ব অন্য একটি কারণে বেশি মনে রাখবে। সর্বোচ্চ কিপি-আপির (৫৫ হাজার ১৮৭ স্পর্শ) বিশ্ব রেকর্ডটি যে তাঁর। বিখ্যাত বাবা-মায়ের পথ ধরে ফুটবলে এসেছেন রোনাল্ড। তাঁদের মতো নিজের নামটি ইতিহাসে লিখিয়ে নিতে পারবেন তো! মেইল অনলাইন।