রোনিই বেছে নিয়েছিলেন মেসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো ও লিওনেল মেসি। যখন তাঁরা বার্সায় ছিলেন: ফাইল ছবি
রোনালদিনহো ও লিওনেল মেসি। যখন তাঁরা বার্সায় ছিলেন: ফাইল ছবি

ডিয়েগো ম্যারাডোনা গায়ে চড়িয়েছিলেন জার্সিটি। পরে রিভালদো, রিকেলমেরা সেটি জড়িয়ে আলো ছড়িয়েছেন। তবে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটিকে আলোকিত করেছেন আসলে রোনালদিনহো। এখন সেটি লিওনেল মেসির গায়ে এমনই ঔজ্জ্বল্য ছড়াচ্ছে যে কে জানে হয়তো মেসির সঙ্গে অবসরেও চলে যেতে পারে জার্সিটি! এই জার্সি পরে যা করেছেন, সেটা ফুটবল ইতিহাসেই তো আর কেউ করতে পারেননি। রোনালদিনহো নিজেই কিন্তু মেসিকে এই জার্সির উত্তরাধিকার করে গিয়েছিলেন।
২০০৩ সালে বার্সেলোনায় এসেই ১০ নম্বর জার্সিটা পেয়েছিলেন রোনালদিনহো। চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে সংগ্রাম করতে থাকা বার্সার জাদুমন্ত্রে বদলে যাওয়ার শুরু তখন থেকেই। পরের কয়েকটা মৌসুম ন্যু ক্যাম্প আচ্ছন্ন ছিল রোনালদিনহো জাদুতে। কিন্তু ২০০৭-০৮ মৌসুমে এসে হঠাৎ করেই সেই জাদুটা যেন অকার্যকর হয়ে যায়। চোট, ফর্মহীনতা আর উদ্দাম জীবনযাপন দ্রুতই রোনালদিনহোকে একটু একটু করে খাদের কিনারায় নিয়ে গেল। ব্রাজিলিয়ান প্লে-মেকার নিজেও বুঝতে পেরেছিলেন, বার্সায় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।
মেসি অবশ্য তার দুই মৌসুম আগে থেকেই আলো ছড়াতে শুরু করেছেন। রোনালদিনহোর উত্তরসূরি কে হবেন, সেটি নিয়েও তাই সংশয় ছিল না। সেদিন বার্সা টিভিকে মেসি নিজেই জানিয়েছেন রোনালদিনহোই তাঁকে নিতে বলেছিলেন তাঁর জার্সিটা, ‘ক্লাব ছাড়ার কয়েক মাস আগে সে একদিন আমাকে ডেকে নিল। সে চলে যাচ্ছে, এটা তার মাথায় ছিল। আমাকে সে তার জার্সিটা নিতে বলল। সে বার্সার হয়ে কী করেছে, সেটা না ভেবেই আমি রাজি হয়ে গেলাম। ভাবলে হয়তো আমি নিতাম না।’
এর দুই মৌসুম আগেই মাঠে রোনালদিনহোর সঙ্গে জুটি বেঁধেছেন মেসি। বার্সার প্রথম দলে আসার সময় রোনালদিনহোকে পাশে পাওয়ার স্মৃতিটা এখনো ভোলেননি, ‘সবাই আমাকে ড্রেসিংরুমে স্বাগত জানিয়েছিল। তবে রোনালদিনহোরটা ছিল একটু আলাদা। সে আমার জন্য কাজটা খুব সহজ করে দিয়েছিল। বার্সার ড্রেসিংরুম “ইউ-আকৃতির”, বি দলের সবাই মূল দলের এক পাশে বসেছিল। আমি ছিলাম সামনের দিকে। পরে রোনালদিনহো আমাকে ডেকে ওর দিকে নিয়ে যায়। ডেকো ও থিয়াগো মোত্তার পাশে একটা জায়গা ফাঁকা ছিল। সেখানে আমাকে বসিয়ে দিল। আমি ভাবলাম, ওখানে বসা হয়তো আমার উচিত হচ্ছে না। কিন্তু সে একরকম জোর করেই ওখানে বসাল।’ সেই যে বসলেন বার্সার মূল একাদশে, এরপর বার্সায় মেসিহীন মূল একাদশই কল্পনা করা যায় না। গোলডটকম।