
দুই দলই খেলেছে পাসিং ফুটবল। নিচ থেকে খেলাটা তৈরি করেছে। আক্রমণ যেমন একসঙ্গে, রক্ষণেও থাকল দুই দলের সবার অংশগ্রহণ। আক্রমণ আর প্রতি-আক্রমণে জমে উঠেছিল দুই প্রতিবেশীর অনূর্ধ্ব-২৩ দলের লড়াই।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা থাইল্যান্ড সহজ জয় নিয়েই ফিরবে মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর ২-২ করে দারুণভাবে ফিরে আসে। শেষ পর্যন্ত তৃতীয় গোলটা করে থাইল্যান্ডই জয় পেয়েছে বঙ্গবন্ধু কাপের গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে।
থাইল্যান্ডের প্রথম দুটি গোল পরিকল্পিত। প্রথমটি কর্নার থেকে হেডে করেছেন মিডফিল্ডার আদিসাক। দ্বিতীয় গোলটি দেখার মতো। গোললাইন থেকে পাওয়া বল দারুণ প্লেসিং করেন শ্রীনা ওং।
কিন্তু বিরতির পর একজন ডিফেন্ডার বদল করায় থাইল্যান্ডের রক্ষণ ক্ষণিকের জন্য হয়ে পড়ে নড়বড়ে। সেই সুযোগেই দুটি গোল সিঙ্গাপুরের। প্রথমটি দুই স্টপারের ভুলে স্ট্রাইকার ইয়াজিদের প্লেসিং। পরেরটি তৌফিক বিন সুপর্নের। থাইল্যান্ডকে জয়সুচক গোলটা এনে দিয়েছেন স্ট্রাইকার প্রামপাক পাকরন। প্রতিপক্ষের রক্ষণ ভুল করায় বাঁ প্রান্ত থেকে আসা ক্রস কাজে লাগিয়ে অধিনায়কের এই মূল্যবান গোল।
পাঁচ গোলের ম্যাচটা সিলেট স্টেডিয়ামের অর্ধেকেরও বেশি ভরিয়ে তোলা দর্শককে বেশ আনন্দই দিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের হার দর্শকাগ্রহে খানিক ভাটা ফেলেছে ঠিকই, তবে সিলেটের দর্শক টুর্নামেন্ট-বিমুখ নয়।