রোমাঞ্চের অপেক্ষায় শিকাগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে কোচের সঙ্গে চিলির অালেক্সিস সানচেজ (বাঁয়ে)। পাশের ছবিতে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। কোপার সেমিফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি দুই দল l এএফপি
অনুশীলনে কোচের সঙ্গে চিলির অালেক্সিস সানচেজ (বাঁয়ে)। পাশের ছবিতে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। কোপার সেমিফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি দুই দল l এএফপি

একটা দল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, অন্যটি চ্যাম্পিয়ন ২০০১ আসরের। একটা দল এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে, অন্যটি তিনে। শতবার্ষিকী কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি সেই দুটি দল—চিলি ও কলম্বিয়া।
শিকাগোতে বাংলাদেশ সময় কাল সকালের ম্যাচটিকে ঘিরে তাই প্রত্যাশাও অনেক। দুটি দলই আকর্ষণীয় ফুটবলের দর্শনে বিশ্বাসী। আর সে দর্শন মাঠে প্রতিফলিত করার মতো দারুণ সব খেলোয়াড়ও দুই দলে। শিকাগোর দর্শকেরা রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষায় থাকতেই পারেন।
টুর্নামেন্টে চিলির শুরুটা অবশ্য খুব ভালো হয়নি। তবে শিরোপার বড় দাবিদার আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হুয়ান আন্তোনিও পিজ্জির দল। বলিভিয়া, পানামার বিপক্ষে দারুণ জয়ের পর কোয়ার্টার ফাইনালে তো মেক্সিকোকে স্রেফ উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে!
সেই তুলনায় কলম্বিয়া কিছুটা উত্থান-পতনের মধ্য দিয়েই এ পর্যন্ত এসেছে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি দারুণ জয়ের পর কোস্টারিকার কাছে হেরে গেছে ৩-২ গোলে। কোয়ার্টার ফাইনালে পেরু-বাধা ডিঙাতে হয়েছে টাইব্রেকারে। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা চিলির বিপক্ষে কাল বড় পরীক্ষাতেই পড়বে হোসে পেকারম্যানের কলম্বিয়া।
পরিসংখ্যানেও চিলি কিছুটা এগিয়ে। সব ধরনের ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। চিলি জিতেছে ১৪ ম্যাচ, কলম্বিয়া ১০টি। ড্র হয়েছে ১২টি ম্যাচ। তারপরও কাল চিলির একটা বাড়তি দুশ্চিন্তা থাকছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না মাঝমাঠে দলের বড় আস্থা আর্তুরো ভিদাল। কোচ পিজ্জির হাতে অবশ্য পাবলো হার্নান্দেজ ও চার্লস আরাঙ্গুইজের মতো বিকল্প আছে। কিন্তু তাঁরা কেউই তো আর ভিদাল নন। বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারলে চিলিকে রোখা মুশকিলই হবে কলম্বিয়ার জন্য। তার ওপর এদোয়ার্দো ভার্গাস আছেন দারুণ ফর্মে, সর্বশেষ কোপার সর্বোচ্চ গোলদাতা এবারও ৬ গোল নিয়ে সবার ওপরে। শিকাগোতেও কলম্বিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি হফেনহেইমের এই ফরোয়ার্ড।
হামেস রদ্রিগেজ, হুয়ান কুয়াদ্রাদো ও কার্লোস বাক্কাকে নিয়ে গড়া কলম্বিয়াও অবশ্য নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে পারে। আর গোলবারের নিচে ডেভিড অসপিনা দুর্দান্ত ছন্দেই আছেন। আর্সেনালের এই গোলরক্ষক এবার টুর্নামেন্টের সেরা গোলরক্ষকেরও অন্যতম দাবিদার।
চিলির আক্রমণভাগের সঙ্গে কাল তাঁর লড়াইটাও দেখার মতো হতে পারে। এএফপি, রয়টার্স।
কোপায় আজ
যুক্তরাষ্ট্র-আর্জেন্টিনা
সকাল ৭টা
আগামীকাল
কলম্বিয়া-চিলি
সকাল ৬টা