রোমায় আরও এক বছর টট্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব ইচ্ছে ছিল, রোমায় থেকেই ৪০তম জন্মদিন পালন করবেন। তাঁর এই ইচ্ছেয় বাধা হয়ে দাঁড়িয়েছিল বাস্তবতা। বয়স হয়ে গেছে ৩৯ বছর। এই বয়সেও কি তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে ক্লাব? মাঝখানে তো দলের বেঞ্চে নিয়মিতই হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইচ্ছাটা পূরণ হচ্ছে ফ্রান্সেসকো টট্টির। আগামী মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন রোমার সঙ্গে।
১৯৯২ সালে ১৬ বছর বয়সেই রোমার মূল দলে অভিষেকের পর ক্লাবটিতে কোচের পরিবর্তন হয়েছে ১৬ বার। কিন্তু ‘চিরতরুণ’ হয়ে দলটিতেই থেকে গেছেন টট্টি। খেলেছেন রোমার হয়ে সর্বোচ্চ ৭৫৮ ম্যাচ। করেছেন ৩০৪ গোল। দলের জন্য তাঁর যে নিবেদন, তাতে তাঁর চাওয়াটা ‘পাওনা’ হয়ে গিয়েছিল ক্লাবের কাছে। সেই ‘পাওনা’ বুঝে পেয়ে উচ্ছ্বসিত টট্টি, ‘এই চুক্তিটা খুব করেই চেয়েছিলাম আমি। এতে স্বপ্ন পূরণ হলো আমার।’ রয়টার্স।