রোহো ইউনাইটেডে!

অন্য কেউ বললে একটা কথা ছিল। মার্কাস রোহো যখন নিজেই বলেছেন, তখন ধরেই নিতে হয় ব্যাপারটা একরকম নিশ্চিতই। আর্জেন্টাইন ডিফেন্ডার পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। পরশু নিজেই জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে আমার পরিবারের সঙ্গে পর্তুগালে আছি, কিন্তু কাল (গতকাল) ম্যানচেস্টারে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছি। সত্যিটা হচ্ছে, এটা স্বপ্নপূরণের মতো। বিশ্বকাপটা অসাধারণ কেটেছে, এখন এটা আমার ক্যারিয়ারের জন্য নতুন একটা ধাপ। আমি খুবই খুশি।’
রোহোর অবশ্য খুশি হওয়ার কারণ আছে, এই দলবদল নিয়ে তো কম ঝামেলা হয়নি। ইউনাইটেডে যাওয়ার কথা হচ্ছিল অনেক দিন থেকেই। কিন্তু স্পোর্টিং ২৪ বছর বয়সী ডিফেন্ডারকে ছাড়তে চাইছিল না। রোহো যাবেন বলে জেদ ধরে দলের সঙ্গে অনুশীলন করাও বাদ দিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য এমন অপেশাদার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। শোনা যাচ্ছে, রোহোকে আনতে দুই কোটি ইউরো খরচ হচ্ছে ইউনাইটেডের। ইএসপিএন।