রোনালদিনহো ফিরলেন বার্সেলোনায়

গত ১০ বছরে মোট ২৪টি মূল শিরোপা। কী দুর্দান্ত সাফল্য-যাত্রাই না চলছে বার্সেলোনার! সাফল্যের নায়ক কে? অবশ্যই লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাশে কখনো জাভি-ইনিয়েস্তা ছিলেন, কখনো অঁরি-ইতো, এখন সুয়ারেজ-নেইমার।
কিন্তু যদি বলা হয়, ফিতে কেটে এই সাফল্যের শুভ উদ্বোধন করেছিলেন কে? চোখ বন্ধ করলে সদা হাস্য এক ব্রাজিলিয়ানের মুখই ভেসে উঠবে। রোনালদিনহো, বার্সেলোনা সমর্থকদের প্রিয় রোনি।
পাঁচটি বছর ছিলেন ক্লাবে, কিন্তু তাতেই যেন শত বছরের প্রাপ্তির স্বাদ দিয়ে গিয়েছিলেন বার্সাকে। শিরোপা, সঙ্গে নয়ন জুড়ানো ফুটবল—নিজের হাসিটাকে অনায়াসে বার্সা সমর্থকদের মুখেও এঁকে দিয়েছিলেন রোনালদিনহো।
বার্সার সমর্থক হলে আরেকবার হেসে উঠতে পারেন। একটা খুশির খবর আছে। রোনালদিনহো আবার ফিরছেন বার্সেলোনায়! অবশ্য খেলোয়াড়ের ভূমিকায় নয়, রোনি বার্সায় ফিরছেন ক্লাবের শুভেচ্ছাদূত হিসেবে।
বিশ্বব্যাপী ক্লাবের আবেদন বাড়াতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী মঙ্গলবার একটি অফিস খুলছে বার্সেলোনা। উদ্দেশ্য, শুধু ফুটবল ক্লাব নয়, একটি ব্র্যান্ড হিসেবে উত্তর আমেরিকার অঞ্চলের মানুষের কাছে বার্সেলোনা নামটি পৌঁছে দেওয়া। তার জন্য রোনালদিনহোর চেয়ে যোগ্য আর কে-ই বা হতে পারেন!
অনেকের চোখেই ইয়োহান ক্রুইফের পর বার্সেলোনার ইতিহাসে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইনিং। বাইরে থেকে এসে ক্লাবের ইতিহাসই যিনি বদলে দিয়েছেন। যেন কোনো বাক্সভর্তি জাদু নিয়ে হাজির হওয়া জাদুকরের মতো, এলেন, দেখলেন, বিমোহিত করে গেলেন। বার্সেলোনায় রোনালদিনহোর গল্পটাও এমনই। ২০০৩ সালে যখন এলেন বার্সায়, কাতালান ক্লাবটি ইতিহাসের অন্যতম অন্ধকারতম অধ্যায় পার করছিল। আগের মৌসুমই বার্সেলোনা লিগ শেষ করেছিল ছয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগ নেই, দেনার দায়েও ধুঁকছে বার্সেলোনা। এমন সময়ে ডেভিড বেকহামকে দলে আনার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি নির্বাচিত হওয়া হুয়ান লাপোর্তার স্বপ্ন ভেঙে দিয়ে ইংলিশ মিডফিল্ডার যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। লাপোর্তা উপায় না পেয়ে ছুটলেন রোনালদিনহোর জন্য। সফলও হলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের মুখের গ্রাস থেকে বলতে গেলে ছিনিয়েই আনলেন রোনিকে।
অস্থির সময়টাতে এসে ক্লাবকে ঘিরে থাকা গুমোট ভাবটা কাটিয়ে দিলেন ব্রাজিলিয়ান জাদুকর। সেভাবেই ক্লাবকে উঠিয়ে দিলেন সাফল্যের মহাসড়কে। দুটি লিগ, দুটি সুপারকাপ তো ছিলই, বার্সেলোনাকে এনে দিয়েছেন ২০০৬ চ্যাম্পিয়নস লিগ শিরোপাও, যেটি ছিল ১৯৯২ সালে ক্রুইফের পর জেতা প্রথম ইউরোপ সেরার ট্রফি। যে সাফল্যই পথ এঁকে দিয়েছে বার্সার এখনকার সর্বজয়ী সাফল্যের।
রোনি অবশ্য এখন আর আগের রোনি নেই। বয়স হয়ে গেছে ৩৬। আগের সেই জাদু কিছুটা আছে। মাঝে মধ্যে প্রীতি ম্যাচে-অবসরের ফুটবলের ছোট ভিডিওগুলোতে উঠে আসা সেই ঝলকগুলো ফুটবলপ্রেমীদের দীর্ঘশ্বাস আরও ভারী করে। পেশাদার পর্যায়ে খেলার মতো ফিটনেস যে আর নেই রোনালদিনহোর। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে ক্লাবহীন। নতুন ভূমিকাতেই তাই পুরোনো ক্লাবে ফিরলেন রোনি। সূত্র: গোল।