রোনালদিনহোকে ঠেকাতে নেকড়ের মুখোশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই মুখোশ পরে অনুশীলন করছে পুয়েবলার ডিফেন্ডাররা। ছবি: মেট্রো।
এভাবেই মুখোশ পরে অনুশীলন করছে পুয়েবলার ডিফেন্ডাররা। ছবি: মেট্রো।

মেক্সিকোর ক্লাব কুয়েরেতারোতে কদিন আগে নাম লিখিয়েছেন রোনালদিনহো। আপাতত আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে আছে মেক্সিকান ফুটবলে তাঁর অভিষেক। তবে সাবেক বার্সা-তারকা নিশ্চয়ই মাঠে নামবেন। আর আজ শুক্রবার তাঁর অভিষেকটা যদি হয় পুয়েবলার বিপক্ষে, অন্য রকম একটা অভিজ্ঞতাই হবে রোনালদিনহোর। যতবার পুয়েবলার গোলমুখে আক্রমণে যাবেন, ততবারই তাঁর ওপর হামলে পড়বে একপাল ক্ষুধার্ত, হিংস্র নেকড়ের দল!
না, সত্যি সত্যি তো নেকড়েদের ফুটবল খেলার সুযোগ নেই। তবে শিষ্যদের নেকড়ের মতো ক্ষুধার্ত মানসিকতার করে তুলতে দারুণ এক ফন্দি এঁটেছেন পুয়েবলার কোচ হোসে লুইস সানচেজ। ডিফেন্ডারদের মুখে নেকড়ের মুখোশ পরিয়ে অনুশীলন করাচ্ছেন। সানচেজের আশা, এতে করে শিষ্যরা মানসিকভাবে অন্তত নিজেদের ভেতরে শিকার পশুর সেই প্রবৃত্তিটা জাগিয়ে তুলতে পারবেন।
সানচেজ এমননিতে একটু খ্যাপাটে বলে পরিচিত। ফলে তাঁর এমন কাণ্ডে মেক্সিকোর কেউ অবাক হয়নি। তবে এভাবে মুখোশ পরিয়ে অনুশীলন করানোটা কিন্তু তাঁর নিজস্ব উদ্ভাবন নয়। এটি তিনি শিখেছেন আরেক ‘এল লোকো’ ডিয়েগো সিমিওনের কাছ থেকে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হয়ে আসার পর থেকেই রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন এই আর্জেন্টাইন। সাধারণ একটা দলকে নিয়ে গেছেন অসাধারণ উচ্চতায়। ফলে সিমিওনের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন অনেকেই। সানচেজ জানিয়েছেন, সিমিওনের অনুশীলনের একটা ভিডিও দেখার পর তিনিও এই কৌশল গ্রহণ করেন। এতে করে নাকি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার একাগ্রতা বাড়ে!
তবে দুবারের বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর আজ অভিষেক হবে কি না, এ নিয়েই সংশয় আছে। কারণ একেবারে শেষ মুহূর্তে ‘ওয়ার্ক পারমিট’ হাতে পেয়েছেন। তা ছাড়া তাঁর ফিটনেস নিয়েও এখনো সন্তুষ্ট নন কুয়েরেতারোর কোচ ইগনাসিও আমব্রিজ। দুই বছরের চুক্তিতে এই ক্লাবে খেলতে এসেছেন ৩৪ বছর বয়সী এই প্লেমেকার।