রোনালদিনহোর পাশের সেই মেসিই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহোর পাশের এই মেসিকেই পছন্দ মেনোত্তির। ছবি: এএফপি।
রোনালদিনহোর পাশের এই মেসিকেই পছন্দ মেনোত্তির। ছবি: এএফপি।

ছবিটা ফুটবলেই অনেক স্মৃতিজাগানিয়া। বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি, আর সেদিনের ছোট্ট আর্জেন্টাইন জাদুকরকে কাঁধে তুলে নিয়েছেন গোলটি গড়ে দেওয়া সেই রোনালদিনহো। ক্যারিয়ারের শুরুর দিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বড় ভাইসুলভ স্নেহই বার্সেলোনায় মেসিকে মানিয়ে নিতে সাহায্য করেছে। সঙ্গে জাভি-ইনিয়েস্তা-পুয়োলরা তো ছিলেনই। এঁদের পাশে নিয়ে মেসি তখন ছুটতেন বাঁধনহারা হরিণের মতো।

সেই মেসি, আর এখনকার মেসিতে কত পার্থক্য! পাশের বাড়ির ছেলেটির মতো দেখতে তরুণ এখন শ্মশ্রুমণ্ডিত যুবক। খেলার ধরনেও এসেছে বদল। বল পায়ে ছোটেন যত, তার চেয়ে বেশি মাঠের মাঝে এসে দলের খেলা গড়ে দেওয়াই যেন হয়ে উঠছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাজ। তবে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনোত্তির কাছে এই মেসি নয়, আগের সেই বাঁধনহীন ছুটে চলা মেসিই ছিলেন অনেক বেশি পছন্দের।

২০০৩ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সেলোনার হয়ে অভিষেক মেসির। তখন বার্সেলোনা ছিল রোনালদিনহোর দল, মেসি ছিলেন তাঁর ছায়ায় বেড়ে ওঠা বৃক্ষলতার মতো। দলের খেলা গড়ে দেওয়া, ম্যাচের গতি নিয়ন্ত্রণ—এসব ভাবনা খুব বেশি ভাবতে হতো না, মেসির তখন কাজ ছিল বরং বল পায়ে মনের আনন্দে খেলে যাওয়া। সেটিই হয়তো তাঁকে আজকের মেসি হতে সাহায্য করেছে। বার্সেলোনা হোক, আর আর্জেন্টিনা—এখন সব জায়গাতেই প্রাণভোমরা ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

তবে এই মেসি ঠিক আগের মতো করে মন ভরাতে পারছেন না মেনোত্তির। ৭৮ বছর বয়সী কোচ টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘রাইকার্ডের অধীনে বেড়ে ওঠার সময়টাতে জাভি, ইনিয়েস্তা ও রোনালদিনহোকে পাশে পেয়েছিল মেসি। ওই মেসিকেই আমার পছন্দ। ও জাদুকরী একজন খেলোয়াড়, তবে জাদুকরের একটা মঞ্চও লাগে।’


জাভি-ইনিয়েস্তা আর রোনালদিনহো সেটিই গড়ে দিয়েছিলেন মেসিকে। তবে আজ কলম্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর মেনোত্তির ভাবনাটা পাল্টেছেন কি না, কে জানে। আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ী ম্যাচটাতে তো যোগ্য নেতার মতো খেলা গড়ে দেওয়া, আর ফুটবল পায়ে মুগ্ধতা ছড়ানো—দুটিতেই লেটার মার্কস পাওয়ার কথা মেসির। সূত্র: ইয়াহু স্পোর্টস।