রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসির বর্ষসেরা বিদেশি ক্রীড়াব্যক্তিত্বের ট্রফি হাতে রোনালদো l ডেইলি মেইল
বিবিসির বর্ষসেরা বিদেশি ক্রীড়াব্যক্তিত্বের ট্রফি হাতে রোনালদো l ডেইলি মেইল

পুরস্কার পাওয়াটাও কি এখন নিজের অভ্যাসে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? তা-ই তো মনে হচ্ছে। কয়েক দিন আগেই ২০১৩ সালে সবচেয়ে বেশি গোলের পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) কাছ থেকে। তার আগে জিতেছেন লা লিগার গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার এবার পেলেন পারফরম্যান্সের আরও একটা স্বীকৃতি, শোকেসে যোগ হলো আরেকটি ট্রফি। হয়েছেন বিবিসির বর্ষসেরা বিদেশি ক্রীড়াব্যক্তিত্ব। ক্লাব রিয়াল মাদ্রিদ ও দেশ পর্তুগালের হয়ে এ বছর এ পর্যন্ত ৫৮ ম্যাচে ৬১ গোল করেছেন রোনালদো। রিয়ালের দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পথে একাই করেছেন রেকর্ড ১৭ গোল। দুর্দান্ত এই পারফরম্যান্সে পেছনে ফেলেছেন শিরোপার অন্য তিন দাবিদার এ বছর ইউএস ওপেন জয়ী মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার ও স্প্যানিশ মটোজিপি রেসার মার্ক মারকুয়েজকে।
বর্ষসেরা ব্রিটিশ ক্রীড়াব্যক্তিত্ব হয়েছেন ইংল্যান্ডের ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন। পরশু রাতে গ্লাসগোতে প্রায় ১২ হাজার দর্শকের সামনে হ্যামিল্টনকে পুরস্কার তুলে দেন স্কটিশ কিংবদন্তি ফুটবলার কেনি ডালগ্লিশ। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে মরক্কোতে থাকায় রোনালদো অবশ্য পুরস্কার নিতে অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে মরক্কো থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন পর্তুগিজ অধিনায়ক।
একের পর এক পুরস্কার জিতে চলেছেন, তবে রিয়াল উইঙ্গার হয়তো পাখির চোখ করেছেন ব্যালন ডি’অরকে। ওটাই ব্যক্তিগত পারফরম্যান্সের সর্বোচ্চ স্বীকৃতি। যেখানে তাঁর সঙ্গে দাবিদার এবার আরও দুজন—লিওনেল মেসি ও ম্যানুয়েল নয়্যার। গত ছয় বছরে যদিও ব্যালন ডি’অরকে প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছেন মেসি-রোনালদো, তবে নয়্যারকেও এবার বড় দাবিদার ভাবছেন অনেকে। দুই ‘গোলমেশিনে’র সঙ্গে একজন গোলরক্ষকের সেরা তিনে মনোনয়ন পাওয়াটাকে বড় ব্যাপার বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ড্যানিশ গোলরক্ষক পিটার স্মাইকেল। তবে রোনালদো ছাড়া অন্য কারও হাতে এবার ব্যালন ডি’অর দেখেছেন না তিনিও, ‘রোনালদো ছাড়া অন্য কেউ এবার এটা কীভাবে জিততে পারে! তিনজনের একজন গোলরক্ষক এটা দারুণ আনন্দের ব্যাপার। কিন্তু আমার মনে হয় না নয়্যার পারবে। রোনালদো এবার এত ভালো খেলেছে যে, সে-ই পুরস্কারটা নিয়ে যাবে।’ বিবিসি, গোলডটকম।