রোনালদো অচেনা, ৯ বছরে সবচেয়ে বাজে হার জুভেন্টাসের
ক্রিস্টিয়ানো রোনালদো বার কয়েক দূর থেকে শট নিয়েছেন। গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেননি, গোলও পাননি ৩৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। আর রোনালদো অচেনা থাকলে যে জুভেন্টাস অচেনা, সেটা তো পুরোনো খবরই!
তা রোনালদো অচেনা থাকলে জুভেন্টাসের গোল পেতে সমস্যা হয়, কিন্তু কাল লিগে ফিওরেন্তিনার বিপক্ষে রক্ষণেও গুবলেট পাকিয়ে ফেলেছে জুভেন্টাস। তাতে লিগে মৌসুমের প্রথম হার তো জুটেছেই, নয় বছর আগে উদ্বোধন হওয়া নিজেদের স্টেডিয়াম আলিয়াঞ্জেও সবচেয়ে বড় হারটাও দেখেছে তুরিনের ক্লাবটি। হেরে গেছে ৩-০ গোলে। ১৮ মিনিটেই অবশ্য ১০ জনের দল হয়ে পড়ে আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাস।
গত মাসে চেজারে প্রানদেল্লি কোচ হয়ে ফেরার পর লিগে আগের ছয় ম্যাচের একটিতেও জেতেনি ফিওরেন্তিনা। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা ফ্রাঙ্ক রিবেরির দলটা কালকের জয়ের আগে লিগের পয়েন্ট তালিকায় ছিল ১৭ নম্বরে! কিন্তু ১৮ মিনিটে জুভেন্টাসের রাইটব্যাক হুয়ান কুয়াদ্রাদোর লাল কার্ড দেখা আর বোনুচ্চি-ডি লিখটদের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে কাল দারুণ জয় তুলে নিয়েছে ফিওরেন্তিনা। বিশেষ করে জুভেন্টাস অধিনায়ক বোনুচ্চি তো সম্ভবত জুভ-ক্যারিয়ারে অন্যতম বাজে রাতটাই কাটিয়েছেন!
এই হারে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে গত নয় মৌসুমে লিগ জেতা জুভেন্টাস। পাঁচে থাকা রোমারও পয়েন্ট ১৩ ম্যাচে ২৪, গোল ব্যবধানে পিছিয়ে তারা। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে জুভেন্টাস।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাল প্রমাদ গোনেন জুভেন্টাসের সমর্থকেরা। রিবেরির দারুণ রক্ষণচেরা থ্রু ধরে এগিয়ে যান ফিওরেন্তিনা স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। জুভেন্টাস ডিফেন্ডার ম্যাটাইস ডি লিখটকে এড়িয়ে, এগিয়ে আসা গোলকিপার ভইচেখ শেজনির মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান ফিওরেন্তিনা স্ট্রাইকার। তার কিছুক্ষণ পরই জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি বলের নিয়ন্ত্রণ হারানোর পর আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন ভ্লাহোভিচ, কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি।
জুভেন্টাসের দুর্দশা আরও বাড়ে যখন ১৮ মিনিটে ফিওরেন্তিনার গায়েতানো কাস্ত্রোভিলিকে বাজে ট্যাকল করেন কুয়াদ্রাদো। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, কিন্তু ভিএআরে দেখে লাল কার্ড দেখান। কিছুক্ষণ পর আবার বোনুচ্চির ভুলের খেসারত প্রায় দিতে হচ্ছিল জুভেন্টাসকে, কিন্তু সে যাত্রায় কাস্ত্রোভিলির শট ঠেকিয়ে দেন জুভ গোলকিপার শেজনি।
অন্যদিকে রোনালদো দুবার ফিওরেন্তিনা গোলকিপারের পরীক্ষা নিয়েছিলেন, এর মধ্যে দূরপাল্লার শটটি তো ছিল ভীষণ জোরালো। কিন্তু তাতে লাভ হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো হেডে বল জালে জড়ালেও অফসাইডে গোলটা বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ফিওরেন্তিনাকে চেপে ধরতে গিয়ে উল্টো নিজেদের গোলমুখই যেন খুলে দেয় জুভেন্টাস। ৭৬ মিনিটে আবার বোনুচ্চির ভুল! ফিওরেন্তিনা লেফটব্যাক ক্রিস্টিয়ানো বিরাঘির ক্রস ঠেকাতে গিয়ে ভজকট পাকিয়ে ফেলেন বোনুচ্চি, বল জুভ লেফটব্যাক আলেক্স সান্দ্রোর গায়ে লেগে ঢোকে জালে। আত্মঘাতী গোল!
পাঁচ মিনিট পর আবার বোনুচ্চির ভুল, আবার গোল খায় জুভেন্টাস। ইতালিয়ান ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন রিবেরি, তাঁর পাস যায় বিরাঘির কাছে। বিরাঘির ক্রস আবার ডি লিখটের পায়ের ফাঁক গলে চলে আসে জুভ গোলমুখে, আলতো ছোঁয়ায় সেটি জালে জড়াতে অসুবিধা হয়নি ফিওরেন্তিনার মার্টিন কাসেরেসের।
জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো অবশ্য বোনুচ্চিকে ছেড়েই দিলেন, ‘বাজে একটা রাত যে কারওই যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত মৌসুমে ও ভালো খেলেছে।’ বরং পুরো দলের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলছেন পিরলো, ‘আমাদের নিজেদের ভুলে আমরা বাজে খেলেছি। বড়দিনের আগের ম্যাচে মাঝেমধ্যে (খেলোয়াড়দের) মনে ছুটির ভাবনা চলে আসে, সে কারণে আমরা একটু গা এলিয়ে দিয়েছি!’