রোনালদো অনুশীলনে আগে আসেন, যান সবার পরে
খেলাধুলায় নিজেকে নিংড়ে দেওয়ার দামই অন্যরকম। ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখুন। যে বয়সে অনেকে বুট তুলে রাখেন, সে বয়সে চুটিয়ে খেলছেন রোনালদো। ৩৫ বছর বয়সে তাঁর সাফল্যের খিদে যে কাউকে প্রেরণা জোগাবে। এ জন্য রোনালদোর আত্মনিবেদনটাও দেখতে হবে। তাতে যে কেউই অবাক হবেন, হবেন শ্রদ্ধাবনত। পর্তুগিজ তারকার অনুশীলন প্রীতি নিয়ে অনেক গল্প-গাঁথা আছে ইউরোপিয়ান ফুটবলে। তার-ই সাম্প্রতিকতম এক ঘটনা জানালেন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো। রোনালদো নাকি জুভেন্টাসের অনুশীলনে আসেন সবার আগে, ফিরে যান সবার শেষে।
গত মাসে জুভেন্টাস কোচের দায়িত্ব পান খেলোয়াড়ি জীবনে ইতালির চিরসবুজ মিডফিল্ডারের তকমা পাওয়া পিরলো। কোচের মনে ঠাঁই করে নিতে বেশি সময় নেননি রোনালদো। এই মৌসুমে দুটি লিগ ম্যাচে ৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও গোল করিয়েছেন জুভেন্টাস তারকা। পিরলোর তাতে খুশি হওয়াই স্বাভাবিক। আজ রাতে নাপোলির মুখোমুখি হওয়ার আগে দলের তারকা ফরোয়ার্ডের প্রশংসাই করলেন জুভেন্টাসের এ কোচ, ‘রোনালদো কঠোর পরিশ্রম করে। সে সবার আগে অনুশীলনে এসে ফিরে যায় সবার শেষে।’
রোনালদোর বয়স যা-ই হোক পিরলো জানালেন, পর্তুগিজ তারকা জুভেন্টাসের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ‘সে সবার জন্যই প্রেরণা। মাঠেও তা বুঝতে পারবেন। মৌসুমটা দারুণভাবে শুরু করেছে। আশা করা যায় শেষ পর্যন্ত তা ধরে রাখা যাবে। প্রতি ম্যাচেই একটি-দুটি করে গোল করবে সে—এই আশা তো করবই। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রোমে আমরা ১০জনে পরিণত হওয়ার পর সে শেষ পর্যন্ত সাহায্য করেছে। সে সবার জন্য উদাহরণ।’
চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। অর্থাৎ মাঠে দুই ক্লাবের লড়াইয়ের মোড়কে দেখা যাবে লিওনেল মেসি ও রোনালদোর পুরোনো দ্বৈরথ। তবে এ ম্যাচের আগে ডায়নামো কিয়েভের বিপক্ষে লড়াইকেও সমান গুরুত্ব দিচ্ছেন পিরলো। ২০ অক্টোবর কিয়েভে ইউক্রেনের দলটির মুখোমুখি হবে জুভেন্টাস। পিরলো কৌশলগত কারণে এ ম্যাচ নিয়ে ভাবছেন, ‘ভালো একটা গ্রুপে পড়েছি। বার্সেলোনার মুখোমুখি হওয়াটা দুর্দান্ত—কারণ এমন ম্যাচ খেলোয়াড়দের দায়িত্ববোধ ও মনোযোগ বাড়ায়। আমরা জানি অনেক ম্যাচ খেলতে হবে। তবে কিয়েভে প্রথম ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ। ওখানে ডিসেম্বরের চেয়ে অক্টোবরে ঠান্ডা কম পড়ে। আশা করি তুষারের মধ্যে খেলতে হবে না।’