রোনালদো আগে বিদায় নিলেই খুশি হতেন কিয়েল্লিনি

ইউনাইটেডে দারুণ ফর্মে আছেন রোনালদোফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস পর্বকে চাইলে দুইভাবে দেখা যায়। একদিকে তিন বছরে দুটি ইতালিয়ান লিগ, একটি ইতালিয়ান কাপ ও দুটি সুপার কাপ মিলিয়ে পাঁচটি শিরোপা সাফল্যের গল্প বলে। আবার তাঁকে যে কারণে দলে নেওয়া, সেই চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ও টানা ৯ বছর ধরে হাতে থাকা লিগ শিরোপা খোয়ানোকে ব্যর্থতা বলবেন অনেকেই। তবে রোনালদোকে ছেড়ে দিয়ে যে জুভেন্টাস ভুগেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।

এবারের দলবদলের একদম শেষ দিকে এসে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন রোনালদো। তাঁর সাবেক সতীর্থ ও জুভেন্টাস অধিনায়ক জর্জো কিয়েল্লিনি এমন একজন গোলদাতাকে চলে যেতে দেখে দুঃখিত। বিশেষ করে দলবদলের শেষ মুহূর্তে রোনালদোর বিদায়টা তাঁর মনঃপূত হয়নি। তাঁর মতে, আরও আগেই হওয়া উচিত ছিল এ দলবদল।

জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর
ফাইল ছবি

দলবদলের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই রোনালদোর দলবদল নিয়ে কথা হচ্ছিল। যে চ্যালেঞ্জ নিয়ে জুভেন্টাসে গিয়েছিলেন, সেটা আর সম্ভব না বুঝতে পেরে দলবদল করতে মরিয়া হয়ে উঠেছিলেন রোনালদো। এ মৌসুমে প্রথমে রিয়াল মাদ্রিদে ফিরবেন বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, রোনালদোকে খুব ভালোবাসেন, কিন্তু আপাতত রোনালদোর ফেরা হচ্ছে না।

এরপর পিএসজির নামও এসেছে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়ালে যাচ্ছেন, আর তাঁর ঘাটতি পূরণ করতে রোনালদো পিএসজিতে যাচ্ছেন, এমন কথাও শোনা গিয়েছিল। কিছুদিন তো রোনালদো-মেসি-নেইমার, এমন এক ত্রয়ীর স্বপ্নও দেখেছেন সমর্থকেরা। কিন্তু পিএসজিও সে পথে এগোয়নি। তাঁরা এমবাপ্পেকে কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি। এরপর দৃশ্যপটে হাজির ম্যানচেস্টার সিটি। চুক্তি প্রায় হয়েই যাচ্ছে, এ অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেড এসে নিয়ে যায় রোনালদোকে। ক্লাব কিংবদন্তিকে নগর প্রতিদ্বন্দ্বীর হয়ে খেলতে দেখার যন্ত্রণার হাত থেকে বেঁচে যায় ইউনাইটেড-সমর্থকেরা।

ইতালির ইউরোজেতা অধিনায়ক কিয়েল্লিনি
ফাইল ছবি: এএফপি

এ দলবদলের অন্য প্রান্তে ছিল জুভেন্টাস। ২৮ আগস্ট রোনালদোকে বিক্রি করে দেওয়ায়, তাঁর অভাব পূরণ করার জন্য দলবদলের বাজারে পর্যাপ্ত সময় পায়নি তুরিনের ক্লাবটি। ফলে মৌসুমের শুরুতে একের পর এক ম্যাচে অপ্রত্যাশিত ফল দেখতে হয়েছে তাদের।

ডিএজেডএনের সঙ্গে কথোপকথনে কিয়েল্লিনি জানালেন, রোনালদোর দল বদলানোর সিদ্ধান্তের পেছনের যুক্তিটা বোঝেন তিনি, ‘আমরা এমন একপর্যায়ে উপস্থিত হয়েছিলাম, যখন ক্রিস্টিয়ানোর নতুন লক্ষ্য ও দল দরকার ছিল, যারা তার জন্য খেলবে। কারণ, এমন এক দল পেলে সে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারবে। গত কয়েক মাসে সে এটা দেখিয়েছে। আমাদের হয়েও সেটা দেখাচ্ছে। জুভেন্টাসে আমরা পুনর্জন্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। সবকিছু আবার নতুন করে শুরু হয়েছে। রোনালদো থাকলে সে বাড়তি কিছু যোগ করত। কিন্তু সে ভবিষ্যতের চেয়ে বর্তমানের কথা ভাববে, এটাই স্বাভাবিক।’

জুভেন্টাসের এ মৌসুমের শুরুটা ভালো হয়নি। লিগে প্রথম চার ম্যাচ থেকে মাত্র ২টি পয়েন্ট পেয়েছে জুভেন্টাস। রোনালদো চলে যাওয়ার ফলে দল গোছানোর সময় পায়নি বলেই এটা হয়েছে বলে দাবি কিয়েল্লিনির, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে। সে যদি আগে যেত, তাহলেই ভালো হতো। এর জন্য আমাদের মূল্য চুকাতে হয়েছে। একটু ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে আমাদের ভুগতে হয়েছে। সে যদি আগে যেত, তাহলে আমরা প্রস্তুত হওয়ার সময় পেয়েছি।’