রোনালদো আছেন বলেই হুমকিতে পর্তুগাল?

ইউরো সন্ত্রাসবাদী গোষ্ঠীর লক্ষ্য হতে পারে, বেশ কয়েক দিন থেকে এমন খবর আসছে বিশ্ব সংবাদমাধ্যমে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক বার্তা দিয়েই ফ্রান্সে তাদের নাগরিকদের সতর্ক করেছে। আর ফ্রান্সে তো গত বছরেই জঙ্গি গোষ্ঠী আইএসের ভয়ংকর হামলায় ১৩০ জন নিহত হয়েছিল। ওই দিন জার্মানির সঙ্গে ফ্রান্সের প্রীতি ম্যাচে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্তাদ দ্য ফ্রান্সে। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসও ভয় পাচ্ছেন, এবার তাঁর দলও হামলার শিকার হতে পারে। আর ক্রিস্টিয়ানো রোনালদো দলে থাকার কারণেই সেই হুমকি আরও বেশি!
রোনালদো আছেন বলে পর্তুগালের ওপর সবার আলাদা চোখ থাকবেই। ইএসপিনের জরিপে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ সি আর-৭। সান্তোস সেই খ্যাতিটাকেই দলের জন্য হুমকি হিসেবে দেখছেন, ‘সবাই জানে, পর্তুগাল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা দলগুলোর একটি। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো এখানে খেলে। তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’
সাধারণত অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে সেলফি তোলা বা অটোগ্রাফ নেওয়ার সুযোগ থাকে। তবে সান্তোস ইঙ্গিত দিলেন, এবার ভক্তদের হতাশ হতে হবে, ‘বাস্তবতা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা ফ্রেঞ্চ কর্তৃপক্ষের দায়িত্ব। আমাদের সমর্থকদের বুঝতে হবে সব সময়ের মতো আমরা খেলোয়াড়দের চাইলেই ছাড়তে পারব না।’
ইউরোতে আইসল্যান্ড, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সঙ্গে গ্রুপ এফ-এ পড়েছে পর্তুগাল। ১৪ জুন প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আইসল্যান্ড। সূত্র: এএফপি।