রোনালদো আর বেনজেমা কি খেলবেন?

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচটা দুই দিন পর। তার আগে কোটি টাকার প্রশ্ন, ক্রিস্টিয়ানো রোনালদো কি খেলছেন? চোটের কারণে যে এই ম্যাচে রোনালদোর খেলা অনিশ্চিত! গতকাল রোববার চোট পেয়েছেন করিম বেনজেমাও। তাঁর চোটের অবস্থা কী? চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো ম্যাচের আগে দলের সেরা দুই খেলোয়াড় নিয়েই অনিশ্চয়তা, রিয়ালের জন্য এ তো বড় দুঃসংবাদ।
গত সপ্তাহেই ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন রোনালদো। কাল মৌসুমে প্রথমবারের মতো লিগের কোনো ম্যাচে দর্শক হয়ে থাকতেও হয়েছে। তবে সিটির ম্যাচে তাঁকে পাওয়ার কথা। ৮০ শতাংশ ফিট হলেও বেনজেমাকেও এই ম্যাচে বসিয়ে রাখা যাবে না নিশ্চিত।
রোনালদোর মতো খেলোয়াড়েরা একাই কী করতে পারেন, কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ তারই প্রমাণ। তবে রোনালদো বা বেনজেমা না থাকলেই যে রিয়াল অচল, সেটি ভাবা হবে সিটির জন্য বোকামি। গতকাল তো ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে এই দুজনকে ছাড়াই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচ জিতেছে রিয়াল। থিয়েরি অঁরি তাই এই বলে সাবধান করে দিচ্ছেন সিটিজেনদের, শুধু রোনালদোকে নিয়ে পড়ে থাকলেই সর্বনাশ।
অঁরি বলছেন, ‘রোনালদো যাতে এক ইঞ্চি জায়গা না পায়, সেটা নিশ্চিত করতে ম্যান সিটিকে সম্ভাব্য সবকিছু করতে হবে। কিন্তু সে যদি হঠাৎ করে ৪০ গজ দূর থেকে কোনো শটে গোল করে বসে, তাহলে ডিফেন্ডারদের কিছু করার নেই। এমনি এমনি তো সে রিয়ালের হয়ে সাত মৌসুমে ৩৬০ গোল করেনি!’
অঁরি মনে করিয়ে দিয়েছেন, রোনালদোকে ছাড়াই কাল ভায়েকানোর সঙ্গে রিয়াল জিতেছে। তাই তাঁকে নিয়েই বেশি ভাবলে আখেরে সর্বনাশ হতে পারে বলেও একটা বার্তা দিয়েছেন, ‘শুধু একজনকে নিয়ে সম্মোহিত হতে থাকলে আসলে ভুল হবে। প্রতিটা পজিশনেই মাদ্রিদের দারুণ সব খেলোয়াড় আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বেনজেমা-বেলদের একসঙ্গে পেলেই রোনালদো আরও ভালো করে।’
বেনজেমাকে আর রোনালদোকে সঙ্গে নিয়েই ম্যানচেস্টারে উড়ে যাচ্ছে রিয়াল। সেখানেই হবে চূড়ান্ত ফিটনেস পরীক্ষা। আপাতত দুজন খেলবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ফিরতি লেগটাও গুরুত্বপূর্ণ, ওদিকে লিগ শিরোপার আশাও এখনো আছে। কোচ জিনেদিন জিদানের এখন এটাই সবচেয়ে বড় পরীক্ষা। আধা ফিট রোনালদোকে খেলানো কিংবা না-খেলানো দুটিই হয়ে যেতে পারে জুয়ার দান। লেগে গেলে বাজিমাত, না লাগলে সর্বনাশ।