
দুটি গোল, একটি পেনাল্টি নষ্ট, একবার ক্রসবারে বল লাগানো আর একবার সহজ সুযোগ পেয়েও পায়ে বলই লাগাতে না পারা! এই হচ্ছে আলগ্রেভ স্টেডিয়ামে লাটভিয়ার বিপক্ষে পরশু রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘কীর্তি’। হেসেখেলেই তাঁর হ্যাটট্রিক হতে পারত, হয়নি। পর্তুগালের জয়ের ব্যবধানটা ৪-১ না হয়ে আরও বড় হতে পারত। তা-ও হয়নি। তবে এতে রোনালদো বা পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস—কারোরই খুব একটা আফসোস নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা পর্তুগাল যে এরপর টানা তিন ম্যাচ জিতেছে, এতেই তাঁরা খুশি।
বাছাইপর্বে পরশুর রাতটা এককভাবে যদি রোনালদোর হয়, তাহলে দলগতভাবে সেটা বেলজিয়ামের। ব্রাসেলসের কিং বাদোয়াঁ স্টেডিয়ামে এস্তোনিয়াকে নিয়ে প্রায় ছেলেখেলা করেছেন লুকাকু-হ্যাজার্ড-মের্তেন্সরা। ৮-১ গোলের জয়ে দুটি করে গোল দ্রিস মের্তেন্স ও রোমেলু লুকাকুর। অন্য চারজন করেছেন একটি করে গোল। সব মিলিয়ে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি ‘এইচ’ গ্রুপের শীর্ষে বেলজিয়াম। বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা গ্রিস ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
একই রাতে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে হল্যান্ড। প্রতিপক্ষের মাঠে দারুণ এই জয়টা মেম্ফিস ডিপাইয়ের জোড়া গোল ও আরিয়েন রোবেনের ১ গোলের সৌজন্যে।
লাটভিয়ার মাঠে ২৮ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৫৯ মিনিটে আবারও পেনাল্টি পায় পর্তুগাল, কিন্তু এবার সেটি থেকে গোল করতে পারেননি রোনালদো। ৬৮ মিনিটে আরতারস জিউজিন্সের গোলে সমতায় ফেরে লাটভিয়া। এরপরই টনক নড়ে পর্তুগালের। মিনিট দুয়েক পরই হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন উইলিয়াম কারভালহো। স্পোর্টিং সি পির এই মিডফিল্ডারের প্রথম আন্তর্জাতিক ফুটবল। ৮৫ মিনিটে রিকার্ডো কারেসমার ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। পর্তুগালের চতুর্থ গোলটি করেন ব্রুনো আলভেস। এরপরও হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু একবার তাঁর শট ক্রসবারে লেগেছে, আরেকবার খুব ভালো জায়গায় থেকেও বলে পা ছোঁয়াতে পারেননি।
শেষ পর্যন্ত দল বড় জয় পাওয়ায় মনে হয় না রোনালদোর খুব একটা আক্ষেপ আছে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৩ ম্যাচে ৭ গোল হলো তাঁর। সব মিলিয়ে পর্তুগালের জার্সিতে ১৩৬ ম্যাচে ৬৮ গোল। দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে চলে এসেছেন পর্তুগিজ অধিনায়ক। সমান ৬৮টি গোল করেছেন জার্মানির জার্ড মুলার ও আয়ারল্যান্ডের রবি কিন। ৮৯ ম্যাচে ৮৪ গোল নিয়ে তালিকায় সবার ওপরে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস।
এ জয়ের পরও ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানেই থাকল পর্তুগাল। ফারো আইল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। এএফপি, রয়টার্স।
দেশের হয়ে সবচেয়ে বেশি গোল
ম্যাচ গোল
ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি, স্পেন) ৮৯ ৮৪
স্যান্ডর ককসিস (হাঙ্গেরি) ৬৮ ৭৫
মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ১৩৭ ৭১
জার্ড মুলার (জার্মানি) ৬২ ৬৮
রবি কিন (আয়ারল্যান্ড) ১৪৬ ৬৮
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ১৩৬ ৬৮
তালিকা শুধু ইউরোপীয় ফুটবলারদের