রোনালদো এই ম্যাচে নেই, কারণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব শেষ হয়ে যাওয়ার পর রোনালদো l এএফপি
সব শেষ হয়ে যাওয়ার পর রোনালদো l এএফপি

সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছে পর্তুগালের। চিলির কাছে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যাওয়ায় খেলতে হচ্ছে কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী। তবে আগামী রোববারের সেই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সেমিফাইনালের পরই দল ছেড়ে গেছেন পর্তুগিজ অধিনায়ক। তাঁর পিতৃহৃদয়ে যে সদ্যোজাত দুই সন্তানকে দেখতে আর তর সইছে না!

কনফেডারেশনস কাপের আগেই গুঞ্জন ছড়ায়, আবারও সন্তানের বাবা হয়েছেন রোনালদো। যুক্তরাষ্ট্রে সারোগেট পদ্ধতিতে জন্ম নিয়েছে যমজ সন্তান—ছেলে ও  মেয়ে। রোনালদো এত দিন এ নিয়ে কিছু বলেননি। তবে পরশু চিলির কাছে হারের পর ফেসবুক পেজে তাঁর বিবৃতি থেকে জানা গেল, দুটি সন্তানই ছেলে! রোনালদো লিখেছেন, ‘আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম। আমার দুই ছেলের জন্ম হয়েছে জেনেও সব সময়ের মতো দেহ-মন উজাড় করেই খেলেছি। দুর্ভাগ্যবশত, আমাদের মূল উদ্দেশ্যটা অর্জিত হয়নি। অবশেষে প্রথমবারের মতো আমার সন্তানদের কাছে যেতে পারছি জেনে আমি খুবই খুশি।’

পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনও আনুষ্ঠানিক বিবৃতিতে রোনালদোর দল ছেড়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে, ‘নিজের সন্তানের জন্মের খবর শুনেও তিনি জাতীয় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই দিকটি আমরা সবার দৃষ্টিতে আনতে চাই। কনফেডারেশনস কাপ জিততে ব্যর্থ হওয়ার পর পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় দলের কোচ ওকে দায়িত্ব থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সে নিজের সন্তানদের দেখতে যেতে পারে।’ স্কাই স্পোর্টস।