রোনালদো একাই মেসি-নেইমার-সুয়ারেজের চেয়ে ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর একার গোল বার্সা-ত্রয়ীর চেয়ে বেশি!
রোনালদোর একার গোল বার্সা-ত্রয়ীর চেয়ে বেশি!

মাত্র ১৫ ম্যাচে ২৫ গোল! চোখ কপালে তুলে দেওয়ার মতোই। লা লিগা এখনো অর্ধেকটা পথেও যায়নি। ক্রিস্টিয়ানো রোনালদো এরই মধ্যে যত গোল করেছেন, অন্য কোনো স্ট্রাইকার পুরো মৌসুমেও এতগুলো গোল করতে পেলে বর্তে যায়। বিশ্বাস না হলে গতবারের ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকা দেখুন। গতবার পুরো মৌসুমেই তো সিরো ইম্মোবাইল করেছিলেন ২২ গোল! জার্মান লিগ বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেবানডফস্কি করেছিলেন ২০ গোল। ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচ করেছিলেন ২৬ গোল।
রোনালদো এবার কতটা অবিশ্বাস্য গতিতে ছুটছেন, সেটা বোঝা যাবে এই তথ্যেও। এই মৌসুমে রোনালদোর সমান গোল হয়নি বার্সার আক্রমণত্রয়ীর সম্মিলিত গোলও। মেসি-নেইমার-সুয়ারেজ মিলে লিগে গোল করেছেন ২৪টি। ১৩ গোল করেছেন মেসি, ১১টি নেইমার। সুয়ারেজ এখনো লিগে গোলের খাতা খুলতেই পারেননি। পরিসংখ্যানকে সাক্ষী মানলে বলতেই হচ্ছে, রোনালদো একাই মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর চেয়েও ভালো!
শুধু কি তা-ই? এবার স্প্যানিশ লিগে ২০ দলের মধ্যে ১৫টিই সম্মিলিতভাবেও রোনালদোর সমান গোল করতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড পুরো দল মিলিয়ে লিগে রোনালদোর চেয়ে গোল করেছে মাত্র চারটি বেশি। ইতালিয়ান শীর্ষ লিগের শীর্ষ দল জুভেন্টাসও লিগে পুরো দল মিলিয়ে রোনালদোর চেয়ে গোল করেছে মাত্র ছয়টি বেশি। সিরি ‘আ’র ১৬টি দলই মোট গোলসংখ্যায় রোনালদো চেয়ে পিছিয়ে।
রোনালদো যে গতিতে ছুটছেন, এক মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভেঙে দেবেন বলেই মনে হচ্ছে। ২০১১-১২ মৌসুমে ৫০ গোল করেছিলেন মেসি। তখন মনে হয়েছিল, এই রেকর্ড বুঝি ভাঙবে না কোনো দিনই। এখন মনে হচ্ছে, এই মৌসুমে রোনালদো ৬০ গোলের মাইলফলকই পেরিয়ে যাবেন!
২০১২-১৩ মৌসুমে মেসি লিগের অর্ধেক পথে, অর্থাৎ ১৯ ম্যাচে করেছিলেন ২৮ গোল। লিগে–পরবর্তী চার ম্যাচে চার গোল করলেও রোনালদোর গোল হয়ে যাবে ২৯টি।