রোনালদো এখন 'দেবদাস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিমারকে মেরে বসলেন রোনালদো! ছবি: মার্কা
এডিমারকে মেরে বসলেন রোনালদো! ছবি: মার্কা

ব্যক্তিগত সমস্যার সঙ্গে মাঠের পারফরম্যান্সের সম্পর্ক কী? যৌক্তিক প্রশ্ন। কিন্তু মাঠে তো খেলেন একজন ব্যক্তিই। দুর্দান্ত ফর্মে থাকার পরও ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে ইয়োহান ক্রুইফ কেন ছিলেন নিষ্প্রভ? ইতিহাস বলে, সেটির পেছনেও ছিল একটি ব্যক্তিগত ঘটনা। একইভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক ফর্ম ও কর্দোবার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত আচরণের পেছনে অনেকেই যোগ খুঁজে পাচ্ছেন ইরিনা শায়াকের সঙ্গে বিচ্ছেদের ঘটনা!

রোনালদো বোতলবন্দী থাকলে ম্যাচের ফলে তার কতখানি প্রভাব পড়ে, পরিসংখ্যানেই পরিষ্কার। বড়দিন ও শীতের ছুটির আগে চলতি মৌসুমে রোনালদোর মোট গোলসংখ্যা ছিল ৩২। রিয়াল ওই সময় জিতেছে টানা ২২ ম্যাচ। ইরিনার সঙ্গে বিচ্ছেদের পর মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ হিসাবে আনলে রিয়াল খেলেছে ৭ ম্যাচ। জিতেছে ৩টি, হার ৩টি আর ড্র একটিতে।

পর্তুগিজ ফরোয়ার্ড এ ৭ ম্যাচে গোল পেয়েছেন ৫টি। ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন চার গোল, পেনাল্টি থেকে একটি। গোলের সংখ্যা দিয়ে নয়, এ ম্যাচগুলো যারা দেখেছেন, তাঁরা বলছেন, রোনালদো ঠিক রোনালদোর মতো নেই। সেই গতি, ক্ষিপ্রতা, গোলের নেশা—এ কটা ম্যাচে পাওয়া গেল কই? ফর্মের সঙ্গে হারিয়ে ফেলেছেন মেজাজও।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোনালদোর সঙ্গে ইরিনার সম্পর্কের শীতলতা শুরু মূলত বড়দিনের পর (২৫ ডিসেম্বর) থেকেই। আর সেটি টুটে যায় এ মাসের শুরুতেই। টানা ২২ ম্যাচ জয়ের পর ৩০ ডিসেম্বর প্রীতি ম্যাচে দুবাইয়ে মিলানের বিপক্ষে রিয়াল হেরেছিল ৪-২ ব্যবধানে। সে ম্যাচে রোনালদো গোল পেলেও তা যথেষ্ট ছিল না রিয়ালের জন্য।
নতুন বছরটাও ভালো কাটছে না রোনালদো ও রিয়ালের। আগের বছর শেষ হলো হার দিয়ে, নতুন বছরের শুরুও একইভাবে! লিগে ৪ জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারল কার্লো আনচেলত্তির দল। পা হড়কাল কোপা ডেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও। ৭ জানুয়ারি, অ্যাটলেটিকোর মাঠে রিয়াল হারল ২-০ ব্যবধানে। ১৫ জানুয়ারি বার্নাব্যুতে ফিরতি লেগে তোরেসের ভেলকিতে ২-২ ড্র করল অ্যাটলেটিকো। রোনালদো এ ম্যাচে গোল পেলেও কোপা ডেলরের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় ঠেকাতে তা পর্যাপ্ত ছিল না। ম্যাচের পর ভক্তদের কাছে ক্ষমাও চাইলেন রিয়াল ফরোয়ার্ড। বললেন, ‘আমি ভিনগ্রহ থেকে আসিনি।’
যদিও লিগে ১০ জানুয়ারি এসপানিওল ও ১৮ জানুয়ারি গেটাফের বিপক্ষে একই ব্যবধানে (৩-০‍) জিতেছে রিয়াল। তবে গেটাফের বিপক্ষে জিততে বেগই পেতে হয়েছে রিয়ালের। সেদিন প্রথম গোল পেতেই অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট। আর সর্বশেষ কর্দোবার বিপক্ষে ম্যাচে ঘটল বহুল আলোচিত সেই ঘটনা। আনচেলত্তির দল ২-১ ব্যবধানে জিতেছে ঠিকই, তবে সেদিন রিয়ালের পারফরম্যান্সে তুষ্ঠ হওয়া কঠিনই। সব ছাপিয়ে রোনালদোর কাণ্ডজ্ঞানহীন আচরণ ও লাল কার্ড হয়ে উঠেছে আলোচনার মূল বিষয়। এ ঘটনার জন্য যদিও ক্ষমাও চেয়েছেন পর্তুগিজ উইঙ্গার।
তবুও প্রশ্ন উঠেছে, অমন আচরণ কীভাবে করলেন টানা দু্বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়? সাম্প্রতিক সময়ে রোনালদোর এমন আচরণের দৃষ্টান্ত খুঁজে পাওয়া কঠিনই। মার্কা প্রতিবেদক সেদিন ম্যাচ শেষে লিখেছেন, ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এটাই তাঁর সবচেয়ে বাজে ম্যাচ। গোল না পাওয়ার হতাশায় পোড়া নতুন নয়। তবুও কেন কর্দোবার এডিমারকে ওভাবে লাথি মারতে গেলেন? তাহলে কি ব্যক্তিগত ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে রিয়াল তারকাকে?