যে সময় হওয়ার কথা, করোনা সে সময় ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কী! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো—
রোনালদোর খুশির কান্না
‘কালো চিতা’ ইউসেবিও পারেননি। আক্ষেপ নিয়ে ফিরে গেছেন লুইস ফিগো-পলেতারা। ক্রিস্টিয়ানো রোনালদোর নিয়তিও কি পূর্বসূরিদের মতোই হবে? পর্তুগালের হয়ে কিছু না জিতেই কি বিদায় নিতে হবে ফুটবলের আরও এক কিংবদন্তির? প্রশ্নটার উত্তর এখন সবার জানা। কিন্তু ২০১৬ ইউরোর আগে জানা ছিল না।
পর্তুগালের মাদেইরা শহরের এক দরিদ্র রাঁধুনি মা ও পৌরসভার মালি বাবার চতুর্থ সন্তান থেকে বিশ্ব ফুটবলের ‘সিআর সেভেন’ হয়ে উঠার পথে অনেকবারই যাবতীয় অনুমান, শত সমালোচনা এবং বোদ্ধাদের বিশ্লেষণ ভুল প্রমাণ করেছেন। ২০১৬ ইউরোতে করলেন আরেকবার।
না, তাঁর দল পর্তুগাল কখনো ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনার মতো বিশ্ব ফুটবলের পরাশক্তি ছিল না। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সাফল্য বলতে ছিল ইউসেবিওদের সময়ে ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় ও ফিগোদের সময়ে ২০০৪ ইউরোর রানার্সআপ হওয়া। ২০১৬ সালেও পর্তুগাল দল তেমন আহামরি কিছু ছিল না। এমন একটা দল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো জিতে যাবেন, এটা কল্পনা করা কঠিনই ছিল। কিন্তু ক্যারিয়ারে যিনি অসংখ্য অকল্পনীয় মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন, তাঁরও তো ফুটবলের কাছে কিছু পাওনা হয়ে যায়। কে জানে, সেই ইউরোর ট্রফি দিয়ে হয়তো ফুটবলই কিছুটা দায় চুকিয়েছে রোনালদোর কাছে।
তিন গোল করে পর্তুগালকে ফাইনালে তোলায় বড় ভূমিকা রোনালদোরই। কিন্তু ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পুরোটা সময় খেলতে পারেননি পর্তুগালের অধিনায়ক। চোট পেয়ে উঠে যেতে হয়েছিল মাত্র ২৫ মিনিটেই। কিন্তু এরপর যা করেছেন, সেটা আসলে মাঠে থাকার চেয়ে কম কিছু নয়। ফিফার যাবতীয় নিয়মনীতির তোয়াক্কা না করে ডাগআউটে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে দাঁড়িয়ে সতীর্থদের উৎসাহ দিয়েছেন, গলা ফাটিয়ে কখনো নির্দেশনা দিয়েছেন, কখনো বকাও। দেখে মনে হচ্ছিল সান্তোস নয়, রোনালদোই দলের কোচ।
খুব আহামরি কোনো ম্যাচও হয়নি সেদিন সান্ত-দেনিসের স্তাদে দি ফ্রান্সে। কিন্তু দিদিয়ের দেশমের ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের হার না মানা মনোভাব আর রোনালদোর ওই উত্তেজনাই ম্যাচটা আকর্ষণীয় করে তুলেছিল। সেই হার না মানা মনোভাব নিয়েই নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সকে রুখে দেয় পর্তুগাল। গোলশূন্য সমতার পর অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেই বাজিমাত করে দিলেন বদলি নামা এদের। ১০৯ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া এদেরের শট গেল ফ্রান্সের জালে। যেকোনো টুর্নামেন্টে ওটা জয়সূচক গোল হওয়ার মতোই। পর্তুগালও ইউরো জিতল সেই গোলেই।
বড় আসরে ট্রফি জেতার দীর্ঘদিনের আক্ষেপ ফুরালো পর্তুগালের। রোনালদোও নিশ্চিত হলেন, ইউসেবিও-ফিগোদের মতো দেশের হয়ে কিছু না জিতে তাঁকে বিদায় নিতে হবে না। কতটা খুশি হয়েছিলেন, সেটা পরে ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের বলা কথাগুলো থেকেই বোঝা যায়, ‘জীবনে যত ব্যক্তিগত পুরস্কার, যত লিগ আর চ্যাম্পিয়নস লিগ জিতেছি সব ভুলে যাও। এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি এরই মধ্যে চারবার কেঁদেছি, আরও কাঁদব হয়তো। কারণ, এটা খুশির কান্না।’
একনজরে ইউরো ২০১৬
স্বাগতিক: ফ্রান্স
ফাইনালের ভেন্যু: স্তাদে দি ফ্রান্স, সান্ত-দেনিস
চ্যাম্পিয়ন: পর্তুগাল
রানার্সআপ: ফ্রান্স
গোল্ডেন বুট: ৬ গোল, আঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স)
সেরা খেলোয়াড়: আঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স)
সেরা তরুণ খেলোয়াড়: রেনাতো সানচেস (পর্তুগাল)
প্রথমবারের মতো ২৪ দল নিয়ে ইউরো হয়েছিল সেবার। গ্রুপ পর্বের পর শেষ ষোলোর দেখাও সেবারই প্রথম। অভিষেক আসরের পর ওইবার প্রথম ৫টি নতুন দল সুযোগ পায় ইউরোর চূড়ান্ত পর্বে—আলবেনিয়া, স্লোভাকিয়া, আইসল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস। বাছাইপর্বে ১০ ম্যাচে ১০টি জিতে ইউরোতে যাওয়া ইংল্যান্ড শেষ ষোলোতে আইসল্যান্ডের কাছে হারে ২-১ গোলে।
আইসল্যান্ড পরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ওয়েলস জায়গা করে নেয় শেষ চারে। পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে শেষ হয় ওয়েলসের প্রথম ইউরো অভিযান। ফ্রান্স ফাইনালে উঠেছিল শেষ চারে জার্মানিকে ২-০ গোল হারিয়ে।
আরও যত গল্প
৯০ মিনিটে গোলশূন্য
১৫টি আসর মিলিয়ে ওইবারই প্রথম ইউরোর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল।
ফাইনালের সর্বকনিষ্ঠ
১৮ বছর ৩২ দিন বয়সে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে ইউরোর ইতিহাসে ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হন পর্তুগালের রেনাতো সানচেস। আগের রেকর্ডটাও এক পর্তুগিজেরই ছিল। ২০০৪ সালে ফাইনাল খেলতে নেমে যা গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বুড়ো গোলকিপার
৪০ বছর ৭৪ দিন বয়সে খেলতে নেমে ইউরোর ইতিহাসে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন হাঙ্গেরির গোলকিপার গ্যাবর কিরালি। ভেঙে দেন জার্মানির লোথার ম্যাথাউসের রেকর্ড (৩৯ বছর ৯১ দিন)।