রোনালদো ওভারহেড কিকে গোল পেলে মেসি কেন নয়?

>• চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ‘ওভারহেড কিক’ থেকে গোল করেছিলেন রোনালদো
• বার্সেলোনার অনুশীলনে মেসিও ‘ওভারহেড কিক’ থেকে গোলের চর্চা করছেন
• লা লিগায় কাল ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা
ফুটবলীয় দ্বৈরথের ইতিহাসে তাঁরা দুজন হতে পারেন শেষ কথা। একজন আজ একটা রেকর্ড গড়ছেন তো কাল আরেকজন তা ছুঁয়ে ফেলছেন কিংবা টপকে যাচ্ছেন। গোলের দৌড় তো রয়েছেই। আবার গোলটা করার ক্ষেত্রেও হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ গোল করলে লিওনেল মেসিও ছবির মতো সুন্দর গোল করে বুঝিয়ে দেন তিনিও পারেন। মেসি-রোনালদোর এই প্রতিদ্বন্দ্বিতার শেষ কোথায়?
শেষটা সময়ই দেখিয়ে দেবে। আপাতত তাঁদের প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয়েছে নতুন অধ্যায়—‘ওভারহেড কিক’। গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ‘ওভারহেড’ কিকে দর্শনীয় এক গোল করেছিলেন রোনালদো। তখন থেকেই বলাবলি হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটা অন্যতম সেরা গোল কি না?
মেসির হয়তো এই আলোচনা মোটেও সহ্য হচ্ছে না। চাইলে ব্যাপারটি সেভাবেই দেখতে পারেন। কাল রাতের ‘এল ক্লাসিকো’কে সামনে রেখে মেসি ‘ওভারহেড কিক’ অনুশীলন করেছেন। বার্সা তারকা হয়তো কাল মাঠে রোনালদোর চোখের সামনে তাঁর মতো করেই গোল করতে চান। আর তাই অনুশীলনে ‘ওভারহেড গোল’টা তো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীকে একধরনের সতর্কবার্তাই—তুমি পারলে আমি কেন নয়? অবশ্য ‘ওভারহেড কিক’ গোল বলেকয়ে হয় না। আবার মেসি যে এর আগে এমন গোল করেননি, তা-ও নয়।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’ বার্সার অনুশীলনে মেসির এই ওভারহেড কিক থেকে গোল করার ভিডিও প্রকাশ করেছে। সতীর্থের কাছ থেকে পাস পেয়ে বাঁ পায়ের টোকায় বলটা প্রথমে মাথার ওপরে তুললেন মেসি। তারপর চকিত লাফে নিজেকে শূন্যে ভাসিয়ে নিখুঁত শটে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে বল পাঠালেন জালে। এরপর নিস্তরঙ্গভাবে মেসি হাত মেলান সতীর্থদের সঙ্গে। যেন এ তেমন কিছুই নয়, আসল নজরানা তো কাল পেশ করা হবে!
জুভেন্টাসের বিপক্ষে সেই গোলের পর রোনালদোও কিন্তু ওভারহেড কিক অনুশীলন করছেন। রিয়ালের অনুশীলনে ওভারহেড কিক থেকে তাঁর গোল করার ভিডিও গত মাসেই প্রকাশ হয়েছে। এবার প্রকাশ হলো মেসির ভিডিও। আজ একজন যেভাবে দ্যুতি ছড়াচ্ছেন তো কাল আরেকজনকে ঠিক সেভাবে দ্যুতি ছড়াতে হবে। এই না হলে চিরপ্রতিদ্বন্দ্বী!
কালকের এল ক্লাসিকো নিয়ে কোনো রোমাঞ্চ নেই, উত্তেজনা নেই; এসব কথা ভুলেও বলবেন না!
বার্সেলোনার অনুশীলনে মেসির সেই গোলের ভিডিও: